আগরতলা: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনসহ একাধিক স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করল ভারতীয় জনতা পার্টি। সোনার তরী গেস্ট হাউসে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার নেতৃত্বে মন্ত্রী ও বিধায়কদের নিয়ে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে আসন্ন নির্বাচনগুলির প্রস্তুতি, সাংগঠনিক পরিস্থিতি এবং নির্বাচনী রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সভাপতি অভিষেক দেবরায় জানান, সামনে একাধিক নির্বাচন রয়েছে। ভিলেজ কাউন্সিলের পাশাপাশি নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কাউন্সিল ও কর্পোরেশন নির্বাচন নিয়েও দলীয় স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচনী ময়দানে কীভাবে আরও শক্তিশালীভাবে নামা যায়, কোথায় সাংগঠনিক ঘাটতি রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আরও জোর দেওয়া প্রয়োজন—এসব বিষয় বৈঠকে গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হয়েছে।
তিনি বলেন, প্রতিটি নির্বাচনেই বিজেপিকে জয়ী করার লক্ষ্য নিয়েই দলীয় নেতৃত্ব পরিকল্পনা গ্রহণ করছে। তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে দলের যোগাযোগ আরও নিবিড় করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে সিপিআইএমের বিভিন্ন মন্তব্য ও বিজেপিকে নিয়ে সমালোচনার প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানান বিজেপি সভাপতি। তাঁর অভিযোগ, বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। তবে রাজ্যের মানুষ বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবগত বলেও দাবি করেন তিনি। পাহাড় ও সমতলে সিপিআইএমের সাংগঠনিক অবস্থান নিয়েও কটাক্ষ করেন অভিষেক দেবরায়।
তিপ্রা মথার সঙ্গে বিজেপির সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, তিপ্রা মথার সঙ্গে বিজেপির জোট রয়েছে এবং আগামী দিনেও একসঙ্গে কাজ করার বিষয়ে দলীয় অবস্থান পরিষ্কার। এই জোট নিয়ে বিরোধীদের মন্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলেও জানান তিনি।
হঠাৎ বৈঠক ডাকা এবং স্থায়ী কমিটির সদস্যদের উপস্থিতি নিয়ে বিরোধীদের প্রশ্নের প্রসঙ্গেও পাল্টা জবাব দেন বিজেপি সভাপতি। তাঁর বক্তব্য, প্রয়োজন অনুযায়ী দলের বিভিন্ন স্তরে বৈঠক ডাকা এবং সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া বিজেপির স্বাভাবিক প্রক্রিয়া। ক্ষমতার বিকেন্দ্রীকরণই বিজেপির অন্যতম সাংগঠনিক শক্তি বলে দাবি করেন তিনি।
সব মিলিয়ে আসন্ন একাধিক নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল স্তরে জনসংযোগ বৃদ্ধি এবং নির্বাচনী প্রস্তুতিকে গতি দেওয়ার লক্ষ্যেই এদিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
