Home আগরতলাএসএমএ আক্রান্ত শিশু মনশ্রীর চিকিৎসায় কেন্দ্রের উদ্যোগ, জগৎ প্রকাশ নাড্ডাকে কৃতজ্ঞতা জানালেন বিপ্লব দেব

এসএমএ আক্রান্ত শিশু মনশ্রীর চিকিৎসায় কেন্দ্রের উদ্যোগ, জগৎ প্রকাশ নাড্ডাকে কৃতজ্ঞতা জানালেন বিপ্লব দেব

by Roy
0 comments

আগরতলা, ১৭ আগস্ট: স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA)-তে আক্রান্ত ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ইতিবাচক উদ্যোগ গ্রহণের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব।

মনশ্রীর চিকিৎসায় আর্থিক ও চিকিৎসা সহায়তার জন্য বিপ্লব কুমার দেব গত ১৮ জুলাই ২০২৬ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে একটি ডিও (DO) চিঠি পাঠিয়েছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে সাংসদকে বিস্তারিতভাবে জানানো হয়েছে, বিরল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় কেন্দ্র সরকারের ‘National Policy for Rare Diseases (NPRD), 2021’-এর আওতায় আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে।

কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, চিহ্নিত বিরল রোগে আক্রান্ত রোগীদের নির্ধারিত ‘Centre of Excellence’ (CoE)-এ চিকিৎসার জন্য রোগী প্রতি সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার সুযোগ রয়েছে। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের ক্ষেত্রে রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (RIMS), ইম্ফল, অসম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল, ডিব্রুগড় এবং ইনস্টিটিউট অব পোস্ট-গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (IPGMER), কলকাতাকে সংশ্লিষ্ট সেন্টার অব এক্সেলেন্স হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও উচ্চ ব্যয়বহুল বিরল রোগের চিকিৎসায় আর্থিক সহায়তার জন্য কেন্দ্রের পক্ষ থেকে ‘Digital Portal for Crowd Funding & Voluntary Donations for Patients of Rare Diseases’ চালু করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

banner

মনশ্রীর পরবর্তী চিকিৎসার ক্ষেত্রে তার বাবাকে নিকটবর্তী সেন্টার অব এক্সেলেন্সে অথবা দেশের অন্য কোনো নির্ধারিত CoE-তে রোগীকে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা মূল্যায়ন করানোর পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে নয়াদিল্লির AIIMS-এর বিরল রোগ সংক্রান্ত নোডাল অফিসারকেও মনশ্রীকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য উদ্যোগী হতে বলা হয়েছে।

কেন্দ্রের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট CoE-এর Rare Disease Committee-এর সুপারিশের ভিত্তিতেই পরবর্তী পর্যায়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

মনশ্রীর চিকিৎসার বিষয়ে কেন্দ্রের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বিপ্লব কুমার দেব বলেন, ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং ইতিবাচক উদ্যোগ গ্রহণ করায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

You may also like

Leave a Comment