আগরতলা, ১৭ আগস্ট: ত্রিপুরার উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করে তোলার লক্ষ্যে উচ্চশিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং অনুষ্ঠিত হয় আগরতলার শিক্ষাভবনে। সোমবার উচ্চশিক্ষা বিভাগের সভাগৃহে অনুষ্ঠিত এই বৈঠকে পৌরহিত্য করেন রাজ্যের শিক্ষামন্ত্রী।
বৈঠকের শুরুতেই উচ্চশিক্ষা বিভাগের নবনিযুক্ত সচিব শ্রী বিকাশ সিং-কে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে আন্তরিকভাবে স্বাগত ও শুভেচ্ছা জানানো হয়। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে আরও ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
রিভিউ মিটিংয়ে উচ্চশিক্ষা বিভাগের অধিকর্তা শ্রী অনিমেষ দেববর্মা-সহ দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
বিশেষ করে উচ্চশিক্ষার পরিকাঠামো উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আরও উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তোলা এবং সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠক শেষে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও গুণগত, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী করে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়। শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উচ্চশিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাবে বলেও জানানো হয়।
