আগরতলা, ১৬ আগস্ট : ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদযাপন এবং স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া বিভিন্ন ঘোষণাকে কেন্দ্র করে বিরোধীদের ভূমিকার সমালোচনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বন্দে মাতরম’ ও তার ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে বিরোধীদের সঠিক ধারণা থাকা প্রয়োজন।
মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর উদযাপনের ঘোষণা দিয়েছেন এবং এই গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যথাযথ সম্মান জানিয়েছেন। এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধীদের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রতি কর্তব্যবোধ ও দেশপ্রেমের মানসিকতা থাকা অত্যন্ত জরুরি। সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আলোচনা না করে বাইরে হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি করা কখনও কাম্য নয়। বিরোধী দলের এমন আচরণের তীব্র নিন্দা জানান তিনি।
এদিকে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত বিনামূল্যে অনলাইন কোচিংয়ের উদ্যোগকেও স্বাগত জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মুখ্যমন্ত্রীর মতে, দেশের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে যুবসমাজের ওপর। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ তরুণ প্রজন্ম। তাই যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভর করে তুলতে এই ধরনের উদ্যোগ বিশেষ ভূমিকা পালন করবে।
প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের জন্য ত্রিপুরাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান ডা. মানিক সাহা। পাশাপাশি রাজ্য সরকারও যুবসমাজের উন্নয়ন ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলে জানান তিনি।
‘বন্দে মাতরম’ নিয়ে বিতর্ক থেকে শুরু করে যুবসমাজের জন্য প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ—দুটি বিষয়েই এদিন নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যে দেশপ্রেম, সংসদীয় শৃঙ্খলা এবং যুবসমাজের ভবিষ্যৎ গঠনের ওপর বিশেষ গুরুত্ব উঠে আসে।
