ধর্মনগর মণ্ডল এলাকায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, সন্তোষজনক জবাব না মিললে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি কথিত ‘অপ্রীতিকর’ ঘটনাকে কেন্দ্র করে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিশ জারি করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। দলীয় শৃঙ্খলা ও প্রশাসনিক শান্তি বজায় রাখার ক্ষেত্রে কোনও ধরনের উসকানিমূলক কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলেও নোটিশে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে জারি করা ওই শোকজ নোটিশে বিজেপির নিয়ম ও শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, ধর্মনগর মণ্ডল এলাকার একটি ঘটনাকে ঘিরে ইলেকট্রনিক সংবাদমাধ্যমে বার্ণালী গোস্বামীর নাম উঠে এসেছে। অভিযোগ, ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি দলীয় রাজ্য নেতৃত্বের নজরে আসার পরই তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
বিজেপির নিয়ম ও শৃঙ্খলা কমিটির নোটিশে বলা হয়েছে, দলের পক্ষ থেকে উসকানিমূলক কর্মকাণ্ড কিংবা প্রশাসনিক শৃঙ্খলা ও শান্তি বিঘ্নিত করতে পারে—এমন কোনও আচরণ মেনে নেওয়া হবে না।
নোটিশে বার্ণালী গোস্বামীকে তাঁর অবস্থান ও ঘটনার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁর জবাব সন্তোষজনক না হলে দলীয় নিয়ম অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।