Home ত্রিপুরাযুবরাজনগরে পানীয় জলের তীব্র সংকট, ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সড়ক অবরোধ

যুবরাজনগরে পানীয় জলের তীব্র সংকট, ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সড়ক অবরোধ

by Debasish
0 comments 20 views

১০–১৫ দিন ধরে জল সরবরাহ বন্ধের অভিযোগ, নিম্নমানের পাইপলাইন কাজ ও হুমকির অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ

যুবরাজনগর৯ সেপ্টেম্বর : পানীয় জলের তীব্র সংকট, পাইপলাইন বসানোর কাজে অনিয়ম এবং ঠিকাদারের বিরুদ্ধে হুমকির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল যুবরাজনগরে। দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। সমস্যার দ্রুত সমাধানের দাবিতে যুবরাজনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।

স্থানীয়দের অভিযোগ, যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ডিডব্লিউএস-এর অধীনে পানীয় জলের পাইপলাইন বসানোর কাজ চলছে। কিন্তু সেই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং পুরনো পাইপের সঙ্গে নতুন পাইপ জোড়াতালি দিয়ে কাজ চালানোর অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদার নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে। তাঁদের দাবি, গত ১০–১৫ দিন ধরে এলাকায় কার্যত পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে।

অন্যদিকে, পাইপলাইন বসানোর জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি এবং সাম্প্রতিক বৃষ্টির জেরে রাস্তায় কাদা জমে পরিস্থিতি আরও বেহাল হয়ে পড়েছে। এর ফলে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ পথচারীদের যাতায়াতে চরম দুর্ভোগ হচ্ছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ইতিমধ্যে ওই রাস্তায় একাধিক দুর্ঘটনাও ঘটেছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, সমস্যার সমাধানের জন্য গ্রাম প্রধান, বুথ সভাপতি ও পঞ্চায়েত সদস্যরা সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার এবং হুমকি দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, জেলা প্রশাসন ও ডিডব্লিউএস দপ্তর অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। একই সঙ্গে নিম্নমানের পাইপলাইন কাজের তদন্ত করে এলাকায় দ্রুত স্বাভাবিক পানীয় জল সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

You may also like

Leave a Comment