বিপুল সমর্থক নিয়ে মেগা র্যালি, উন্নয়নের পক্ষে জনসমর্থনের দাবি শাসকদলের
সিপাহীজলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন টিটিএএডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সিপাহীজলা জেলায় জোরদার হয়েছে বিজেপির নির্বাচনী প্রস্তুতি। মঙ্গলবার কাঁঠালিয়া ও মোহনভোগ আরডি ব্লকে দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজন করা হয় মেগা র্যালি। বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থকের উপস্থিতিতে দুই এলাকাতেই কার্যত নির্বাচনী আবহ তৈরি হয়।
কাঁঠালিয়ার র্যালিতে নেতৃত্ব দেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ এবং বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিঞা। র্যালি শেষে দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট বিডিও-র কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
একইভাবে মোহনভোগ আরডি ব্লকেও দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজন করা হয় বড় মাপের র্যালি। সেখানে প্রতিমা ভৌমিকের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী কিশোর বর্মণ এবং জেলা সভাপতি প্রসেঞ্জিত ঘোষ। র্যালি শেষে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন পেশের পর প্রতিমা ভৌমিক দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্য সরকারের জনকল্যাণমুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি সাধারণ মানুষের আস্থা রয়েছে। সেই আস্থার প্রতিফলন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে দেখা যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিজেপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সিপাহীজলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলগুলির প্রচার ও সাংগঠনিক তৎপরতা বাড়ছে। কাঁঠালিয়া ও মোহনভোগে বিজেপির এই মেগা র্যালি ও মনোনয়ন পেশকে দলের শক্তি প্রদর্শনের গুরুত্বপূর্ণ পর্ব হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।