Home ত্রিপুরাবাড়ির ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাড়ির ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

by Debasish
0 comments 1 views

পশ্চিম লক্ষ্মীবিলে কাজ করার সময় দুর্ঘটনা; হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকদের

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: বিশালগড়ের পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় বাড়ির ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত উপর থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

মৃত শ্রমিকের নাম তপন দেবনাথ। তিনি বিশালগড়ের মধ্য ব্রজপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আশুতোষ দাসের বাড়িতে কাজ করছিলেন তপন। কাজের সময় আচমকাই উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশালগড় ফায়ার সার্ভিসের কর্মীরা। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, তপনের মাথায় গুরুতর আঘাত লাগে। নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল বলেও জানা গেছে। দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় ছাদ থেকে পড়ে এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার খবর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। পরে মৃত ব্যক্তির পরিচয় তপন দেবনাথ হিসেবে নিশ্চিত করা হয়।

এদিকে তপনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন দ্রুত হাসপাতালে ছুটে আসেন। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় হাসপাতাল চত্বরে নেমে আসে শোকের ছায়া। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

You may also like

Leave a Comment