Home ত্রিপুরাট্রাফিক পুলিশের নজর এড়িয়ে যাত্রী পরিবহনের অভিযোগ, গাড়িতে প্রেস স্টিকারের ব্যবহার, মেয়াদোত্তীর্ণ নথি উদ্ধারের দাবি; তেলিয়ামুড়ায় চাঞ্চল্য

ট্রাফিক পুলিশের নজর এড়িয়ে যাত্রী পরিবহনের অভিযোগ, গাড়িতে প্রেস স্টিকারের ব্যবহার, মেয়াদোত্তীর্ণ নথি উদ্ধারের দাবি; তেলিয়ামুড়ায় চাঞ্চল্য

by Debasish
0 comments 0 views

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: সাংবাদিকতার পরিচয়কে সামনে রেখে গাড়িতে প্রেস স্টিকার ব্যবহার করে ট্রাফিক আইন লঙ্ঘন এবং যাত্রী পরিবহনের অভিযোগ ঘিরে তেলিয়ামুড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, TR-01-K-4457 নম্বরের একটি চারচাকার গাড়িতে সামনে ও পিছনে প্রেস স্টিকার লাগিয়ে দীর্ঘদিন ধরে যাত্রী পরিবহন করা হচ্ছিল। গাড়িটির একাধিক নথির মেয়াদও দীর্ঘদিন ধরে উত্তীর্ণ হয়ে রয়েছে বলে ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে।

ঘটনাটি খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা ও থানা এলাকার। সূত্রের খবর, গাড়িটির চলাচলের বিষয়ে দীর্ঘদিন ধরেই ট্রাফিক পুলিশের নজরদারি ছিল। মঙ্গলবার সকালে ৮ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় গাড়িটির সন্ধান পেয়ে ট্রাফিক পুলিশ নথিপত্র যাচাইয়ের উদ্যোগ নেয়।

অভিযোগ, ট্রাফিক পুলিশের কর্মীরা গাড়িটির দিকে এগিয়ে যেতেই গাড়ির চালক তথা মালিক হিসেবে পরিচিত বিজয় ভৌমিক ঘটনাস্থল থেকে সরে যান। এরপর গাড়িটির সন্ধানে তল্লাশি শুরু করে ট্রাফিক পুলিশ। পরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের পুরাতন ভবন চত্বরে গাড়িটির সন্ধান মেলে।

সেখানে গাড়িটির প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে বেশ কিছু নথির মেয়াদ উত্তীর্ণ রয়েছে বলে ট্রাফিক পুলিশের তরফে দাবি করা হয়েছে। প্রয়োজনীয় বৈধ নথিপত্র না থাকায় গাড়িটিতে তালা লাগিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

ঘটনাকে ঘিরে আরও অভিযোগ উঠেছে, গাড়ির মালিক নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে ট্রাফিক পুলিশের কাছ থেকে বাড়তি সুবিধা পাওয়ার চেষ্টা করেন। তবে আইন অনুযায়ী কোনও ব্যক্তির পেশাগত পরিচয় তাঁকে ট্রাফিক বিধি মেনে চলা থেকে অব্যাহতি দেয় না। গাড়ির বৈধ নথিপত্র থাকা এবং যানবাহন সংক্রান্ত নিয়ম মেনে চলা প্রত্যেকের ক্ষেত্রেই বাধ্যতামূলক।

এদিকে প্রেস স্টিকারের অপব্যবহারের অভিযোগ সামনে আসায় তেলিয়ামুড়ার সাংবাদিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ আইন ভাঙলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তির—এমনটাই মনে করছেন সাংবাদিকদের একাংশ। তাঁদের বক্তব্য, প্রকৃত সাংবাদিকতার মর্যাদা বজায় রাখতে প্রেস স্টিকারের অপব্যবহার বন্ধ হওয়া প্রয়োজন।

ঘটনাটি নিয়ে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

You may also like

Leave a Comment