নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ আগস্ট: বুধবার সন্ধ্যায় উদয়পুর শহরের বিবেক সংঘ সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক সরকারি বিদ্যালয়ের শিক্ষক। আহত শিক্ষকের নাম প্রীতম ভট্টাচার্যী (৪০)। তাঁর বাড়ি উদয়পুরের জগন্নাথ চৌমুহনী এলাকায়। গুরুতর অবস্থায় তাঁকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে।
জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ উদয়পুর টাউন থেকে বাজার করে নিজের স্কুটি নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন প্রীতম ভট্টাচার্যী। তাঁর স্কুটির নম্বর TR03F8518। বিবেক সংঘ সংলগ্ন এলাকায় পৌঁছানোর পর পিছন দিক থেকে আসা একটি রয়্যাল এনফিল্ড বাইক (TR01AX8413) তাঁর স্কুটিতে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, বাইকে যেশিয়া জমাতিয়া (২১) ও অসীম দেবনাথ (১৭) ছিলেন। ধাক্কার জেরে স্কুটি থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন প্রীতম ভট্টাচার্যী। দুর্ঘটনায় বাইকে থাকা দুই যুবকও আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধারের চেষ্টা করেন। খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দপ্তরে। পরে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিন আহতকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর প্রীতম ভট্টাচার্যীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে যেশিয়া জমাতিয়া ও অসীম দেবনাথকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। দ্রুতগতির বাইক চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।