দুর্ঘটনায় গুরুতর আহত রোগীকে দীর্ঘক্ষণ ড্রেসিং না করার অভিযোগ, চিকিৎসকের বিরুদ্ধে দুর্ব্যবহারেরও নালিশ
বিশালগড়, ৫ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক রোগীর চিকিৎসায় গাফিলতি এবং সময়মতো চিকিৎসা না দেওয়ার অভিযোগ উঠল বিশালগড় মহকুমা হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। পরিবারের সদস্যদের অভিযোগ, প্রচুর রক্তক্ষরণ হওয়া সত্ত্বেও প্রায় এক ঘণ্টা ২০ মিনিট ধরে রোগীর ক্ষতস্থানে ব্যান্ডেজ বা ড্রেসিং করা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ক্ষোভের সৃষ্টি হয়।
জানা গেছে, বাইপাস এলাকায় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন বিশু দেবনাথ। পরিবারের সদস্যদের দাবি, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তাঁকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিকভাবে একটি ইনজেকশন দেওয়া হলেও রক্তক্ষরণ হতে থাকা ক্ষতস্থানে দ্রুত ড্রেসিং করা হয়নি বলে অভিযোগ।
পরিবারের অভিযোগ, ক্ষতস্থানে চিকিৎসা ও ড্রেসিং করার জন্য বারবার অনুরোধ করা হলেও কর্তব্যরত চিকিৎসক ডা. মৌসুমী সরকার তাঁদের চিকিৎসাস্থল থেকে সরে যেতে বলেন। এমনকি রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করলে চিকিৎসকের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করারও অভিযোগ তুলেছেন স্বজনরা।
পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পরিবারের সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান। তাঁদের দাবি, কর্তৃপক্ষের হস্তক্ষেপের পরই রোগীর ক্ষতস্থানে ড্রেসিং করা হয় এবং পরবর্তী চিকিৎসা শুরু হয়।
পরিবারের সদস্যদের দাবি, দুর্ঘটনায় বিশু দেবনাথের মুখমণ্ডল, হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসার ক্ষেত্রে কথিত বিলম্ব এবং চিকিৎসকের আচরণ নিয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।