শান্তিরবাজার: যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের ১১৮তম জন্মজয়ন্তী পালন করল ভারতীয় জনতা পার্টির ৩৬ শান্তিরবাজার মণ্ডল কমিটি। বুধবার মণ্ডল কমিটির উদ্যোগে শান্তিরবাজার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত মহারাজার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৬ শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ ত্রিপুরা জেলা কৃষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, মণ্ডল কমিটির সহ-সভাপতি রমেশ রিয়াং, সাধারণ সম্পাদক বিকাশ সেন, শান্তিরবাজার মণ্ডলের সাধারণ সম্পাদক মম্বু মগ-সহ দলের অন্যান্য কার্যকর্তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মণ্ডলের সাধারণ সম্পাদক মম্বু মগ বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য ছিলেন ত্রিপুরার আধুনিক স্থাপত্য ও উন্নয়নের অন্যতম প্রধান স্থপতি। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান ত্রিপুরার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে। তাঁর চিন্তাধারা ও আদর্শ আজও রাজ্যের মানুষকে অনুপ্রাণিত করে।
তিনি আরও বলেন, মহারাজা বীর বিক্রমের দেখানো উন্নয়নের পথকে সামনে রেখেই ত্রিপুরার সার্বিক উন্নয়নে কাজ করে চলেছে বর্তমান প্রজন্ম। তাঁর স্বপ্নের আধুনিক ও উন্নত ত্রিপুরা গড়ে তোলাই সকলের লক্ষ্য হওয়া উচিত।
অনুষ্ঠান শেষে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের কর্মময় জীবন ও ত্রিপুরার উন্নয়নে তাঁর অবদান নিয়ে আলোচনা হয়। পাশাপাশি তাঁর আদর্শ ও দেখানো পথে রাজ্যের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত দলীয় কার্যকর্তারা।