Home অপরাধখোয়াইয়ে ৫৪ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার জয়ন্ত দেবনাথ

খোয়াইয়ে ৫৪ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার জয়ন্ত দেবনাথ

by Debasish
0 comments 1 views

গোপন খবরের ভিত্তিতে পুলিশের অভিযান, উৎসবের আগে নেশা কারবারের অভিযোগে চাঞ্চল্য

খোয়াই, ১১ অক্টোবর: শারদোৎসবের আনন্দের আবহে খোয়াইয়ে মাদক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৪ কৌটা ব্রাউন সুগার উদ্ধার করেছে খোয়াই থানার পুলিশ। এই ঘটনায় জয়ন্ত দেবনাথ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি খোয়াই থানার কাছাকাছি বনকর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে খোয়াই থানার ওসি প্রজিত মালাকারের কাছে খবর আসে, নৃপেণ চৌমুহনি হয়ে মাদক পাচারের চেষ্টা চলছে। খবর পাওয়ার পরই অভিযানে নামে পুলিশ। সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির সহযোগিতায় সন্দেহভাজন এলাকায় নজরদারি চালানো হয়।

অভিযানের সময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাঁর কাছ থেকে ৫৪ কৌটা ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। এরপর জয়ন্ত দেবনাথকে খোয়াই থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ। সোমবার অভিযুক্তকে খোয়াই জেলা ও দায়রা আদালতে পেশ করার কথা রয়েছে। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

You may also like

Leave a Comment