আগরতলা, ৩১ অক্টোবর।। পুর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ১২ নম্বর ওয়ার্ডে শুরু হয়ে গেল কাউন্সিলর হওয়ার আগাম উদ্যাপন! দলের পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশের আগেই লাড্ডু বিতরণ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন মৌসুমী মজুমদার। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন—দলীয় টিকিট কি আগেই নিশ্চিত হয়ে গেল, নাকি প্রার্থী হওয়ার আগেই শুরু হয়ে গেল জয়ের উৎসব?
উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর রাজ্যের পুর নির্বাচন। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর বিভিন্ন রাজনৈতিক দলে যখন প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা তুঙ্গে, তখন আগরতলা পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ডে একেবারে ভিন্ন ছবি। অভিযোগ, শনিবার থেকেই ওই ওয়ার্ডের বাসিন্দা মৌসুমী মজুমদার সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ শুরু করেছেন। শুধু লাড্ডু বিতরণই নয়, বর্তমান কাউন্সিলর সান্তনা সাহার পরিবর্তে আসন্ন নির্বাচনে তিনিই বিজেপির প্রার্থী হচ্ছেন বলেও এলাকায় প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
অর্থাৎ, ‘সান্তনা বাদ, এবার মৌসুমী!’—এমনই বার্তা কি পৌঁছে দিতে চাইছেন তিনি? অথচ বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত ১২ নম্বর ওয়ার্ডে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তাহলে দলের আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগেই এই আগাম উল্লাসের কারণ কী? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ওয়ার্ডজুড়ে।
অন্যদিকে, রাজনৈতিক মহলে আলোচনা, মৌসুমী মজুমদারের স্বামী ঝুটন লস্কর স্ত্রীকে কাউন্সিলর প্রার্থী করার লক্ষ্যে দলের বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ চালাচ্ছেন। স্ত্রীকে প্রার্থী করার জন্য তাঁর এই তৎপরতা ঘিরেও চলছে নানা জল্পনা। অভিযোগ, মৌসুমীও ইতিমধ্যে গোটা ওয়ার্ডে নিজের প্রার্থী হওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত বলেই প্রচার করে বেড়াচ্ছেন।
তবে বিজেপির মতো শৃঙ্খলাবদ্ধ দলের প্রার্থী তালিকা ঘোষণার আগেই এভাবে ব্যক্তিগতভাবে প্রার্থী হওয়ার প্রচার এবং লাড্ডু বিতরণ কতটা দলীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন উঠছে দলের কর্মী-সমর্থকদের একাংশের মধ্যেও।
সবচেয়ে বড় কথা, এখনও দল কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা করেনি। অথচ তার আগেই লাড্ডু বিতরণ, প্রার্থী হওয়ার প্রচার এবং আগাম উল্লাস! তাহলে কি ১২ নম্বর ওয়ার্ডে দলীয় সিদ্ধান্তের আগেই নিজেদের মতো করে প্রার্থী ঠিক করে ফেলেছেন কেউ কেউ? নাকি পুরোটাই টিকিট পাওয়ার আগাম আত্মবিশ্বাস?
দল আগে, নাকি ব্যক্তিগত স্বার্থ আগে? বিজেপির অন্দরেই এখন এই প্রশ্ন বড় হয়ে উঠছে। ১২ নম্বর ওয়ার্ডে মৌসুমীর এই লাড্ডু বিতরণের পিছনে আসল রহস্য কী, তার উত্তর অবশ্য মিলবে বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরেই।