স্বামী বিবেকানন্দ ময়দানে ২৪–২৬ সেপ্টেম্বর দিবারাত্রির জমজমাট প্রতিযোগিতা, নামছে ১০টি দল
আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরার ক্রীড়া ইতিহাসে যুক্ত হতে চলেছে নতুন অধ্যায়। রাজ্যে প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত হতে চলেছে জাতীয় স্তরের ভলিবল প্রতিযোগিতা। ত্রিপুরা সুন্দরী ভলিবল ফাউন্ডেশন এবং ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগামী ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে এই দিবারাত্রির ভলিবল টুর্নামেন্ট।
আয়োজকদের দাবি, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ত্রিপুরার ভলিবলকে জাতীয় ক্রীড়া মানচিত্রে আরও শক্তিশালীভাবে তুলে ধরার পাশাপাশি রাজ্যের তরুণ প্রতিভাদের সামনে বড় মঞ্চ তৈরি হবে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬টি দলের এন্ট্রি নেওয়া হলেও শেষ পর্যন্ত ১০টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ট্রেনের টিকিট কনফার্ম না হওয়ায় বাকি ছয়টি দল প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না।
এই আসরের অন্যতম আকর্ষণ হতে চলেছেন জুনিয়র ইন্ডিয়া দলের চারজন খেলোয়াড়। তাঁদের মধ্যে মৃত্যুঞ্জয় মহন্ত এবং আরিয়ান সিং উল্লেখযোগ্য। প্রথমবারের মতো রাজ্যের মাটিতে জুনিয়র ইন্ডিয়া দলের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিযোগিতা হওয়ায় আয়োজকদের মধ্যে বিশেষ উৎসাহ তৈরি হয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ত্রিপুরা স্টেট গ্রুপে রয়েছে ধর্মনগর আদর্শ সংঘ, পশ্চিম জেলা ভলিবল অ্যাসোসিয়েশন, বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার, সাব্রুম রাইজিং স্টার এবং বিশালগড় প্লে সেন্টার। এই গ্রুপের দলগুলিতে রাজ্যের খেলোয়াড়দের পাশাপাশি চারজন করে বহিরাগত খেলোয়াড় অংশ নেওয়ার সুযোগ থাকছে।
অন্যদিকে আউট অফ স্টেট গ্রুপে রয়েছে অরুণাচল প্রদেশ, গুয়াহাটি শক্তি (আসাম), বাইখোড়া কসমোপলিটন ক্লাব, অয়ান ফার্নিচার এবং এলসিবি সাব্রুম। ফলে প্রতিযোগিতায় রাজ্যের পাশাপাশি বহিরাজ্যের খেলোয়াড়দের দক্ষতা দেখার সুযোগ পাবেন ক্রীড়াপ্রেমীরা।
খেলার মান এবং নিরপেক্ষতা বজায় রাখতে দিল্লি থেকে আনা হয়েছে আন্তর্জাতিক ও জাতীয় স্তরের অভিজ্ঞ রেফারি। আন্তর্জাতিক স্তরের রেফারি প্রবীণ খোকার এবং জাতীয় স্তরের রেফারি সৌরভ ভূমিকা এই প্রতিযোগিতায় দায়িত্ব পালন করবেন। প্রবীণ খোকার ‘প্রাইম ভলিবল লিগ’-এর চিফ রেফারি হিসেবেও পরিচিত।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ১ লক্ষ টাকা ও ট্রফি। রানার্স-আপ দল পাবে ৫০ হাজার টাকা ও ট্রফি, তৃতীয় স্থানাধিকারী দলের জন্য রয়েছে ৩০ হাজার টাকা ও ট্রফি। শুধু পুরস্কারই নয়, অংশগ্রহণকারী খেলোয়াড়দের থাকা, খাওয়া এবং জার্সি-প্যান্টের খরচও বহন করবে আয়োজক কমিটি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র একটি প্রতিযোগিতা আয়োজন করাই তাঁদের লক্ষ্য নয়। রাজ্যে ভলিবলের ভিত আরও মজবুত করতে অনূর্ধ্ব-১২, অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৬ স্তর থেকেই প্রতিভা চিহ্নিত করে মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় মানের খেলোয়াড় তৈরি করার পরিকল্পনা রয়েছে। তৃণমূল স্তরে ভলিবলের প্রসার ঘটিয়ে আগামী দিনে ত্রিপুরা থেকে আরও বেশি জাতীয় মানের খেলোয়াড় তুলে আনাই তাঁদের অন্যতম লক্ষ্য।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক তথা আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার এবং স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ-সহ বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট বিমান দেব, ভাইস প্রেসিডেন্ট অমলেন্দু নাথ, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান প্রবীর সাহা, কনভেনর উত্তম মালাকার, আন্তর্জাতিক রেফারি প্রবীণ খোকার এবং অর্গানাইজিং কমিটির সাধারণ সম্পাদক মনিষ দেবনাথ।
ত্রিপুরার মাটিতে জাতীয় স্তরের খেলোয়াড়দের উপস্থিতি এবং তিন দিনব্যাপী এই প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই ক্রীড়ামহলে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। স্বামী বিবেকানন্দ ময়দানে ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই ভলিবল আসর রাজ্যের ক্রীড়াপ্রেমীদের জন্য নিঃসন্দেহে হতে চলেছে এক বড় আকর্ষণ।