লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত স্কুটি ও বাইক, আহত যুবককে উদ্ধার করে পাঠানো হল জিবি হাসপাতালে
আগরতলা, ৯ সেপ্টেম্বর : মলয়নগর রবিপাড়া এলাকায় লরির ধাক্কায় ঘটে গেল গুরুতর দুর্ঘটনা। বেপরোয়া গতিতে ছুটে আসা একটি লরির সঙ্গে স্কুটির সংঘর্ষে আহত হলেন এক ব্যক্তি। দুর্ঘটনায় একটি পালসার বাইকও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিদাস নামে ৩৮ বছর বয়সি এক ব্যক্তি স্কুটি নিয়ে রবিপাড়া এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি লরির সঙ্গে দুর্ঘটনার কবলে পড়েন। সংঘর্ষের পর স্কুটিটি ক্ষতিগ্রস্ত হয় এবং একটি পালসার বাইকও ভেঙে যায়।
দুর্ঘটনার পর লরির চালক ও তাঁর সহকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পরে স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিকে উদ্ধার করে অটোযোগে আগরতলার জিবি হাসপাতালে পাঠান। তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীনগর থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত যানবাহনগুলির বিষয়ে তথ্য সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে।
দুর্ঘটনাগ্রস্ত লরিটির নম্বর TR01X 1741। স্কুটির নম্বর TR03K 8077 এবং অন্য একটি গাড়ির নম্বর TR01B 9659 বলে জানা গেছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা থাকলেও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লরির চালক ও সহকর্মীরা কেন ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ কী—তা খতিয়ে দেখছে পুলিশ।