হামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিধায়কের, স্বপনের মন্তব্যেরও সমালোচনা
আগরতলা,৯ সেপ্টেম্বর : হেজামারা আরডি ব্লকের সামনে আইপিএফটির সাধারণ সম্পাদক স্বপন দেববর্মার ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্বপন দেববর্মা। তাঁর অভিযোগ, তিপ্রা মথার কর্মী-সমর্থকরা তাঁকে মারধর করে মাথায় আঘাত করেন।
বুধবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন স্বপন দেববর্মাকে দেখতে যান তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। আহত নেতার সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ঘটনার বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।
রঞ্জিত দেববর্মার দাবি, স্বপন দেববর্মার ওপর হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাঁকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তবে একইসঙ্গে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, আইপিএফটির সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছিলেন, যা তাঁর মতে করা উচিত হয়নি। তবে কোনও মন্তব্যের জেরে হামলা বা আইন নিজের হাতে তুলে নেওয়া সমর্থনযোগ্য নয় বলেও তাঁর বক্তব্য থেকে স্পষ্ট।
রঞ্জিত দেববর্মা আরও জানান, গোটা ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করবে এবং তদন্তের মাধ্যমে যারা ঘটনায় জড়িত তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।