“বারবার বন্ধে নাভিশ্বাস, সংসার চালানোই দায়”—ক্ষোভ চালক ও যাত্রীদের
আগরতলা, ৪ সেপ্টেম্বর: আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির ডাকা ৭২ ঘণ্টার অবরোধের জেরে শুক্রবার কার্যত স্তব্ধ হয়ে পড়ে আগরতলার চন্দ্রপুর আইএসবিটি (ISBT)। সব ধরনের গাড়ি পরিষেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী থেকে শুরু করে পরিবহন শ্রমিকরা। সকাল থেকেই স্ট্যান্ডে সারি দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একাধিক গাড়ি, কিন্তু রাস্তায় নামেনি কোনও যানবাহন।
অবরোধের প্রভাব সরাসরি পড়েছে যাত্রী পরিষেবায়। জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য ISBT-তে আসা অনেক যাত্রী গাড়ি না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। অন্যদিকে, দিনের আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগে পড়েছেন চালক ও পরিবহন শ্রমিকরা।
এক ক্ষুব্ধ চালকের অভিযোগ, ঘন ঘন বন্ধ ও অবরোধের কারণে তাঁদের রুজি-রোজগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁর কথায়, “বারবার গাড়ি বন্ধ থাকলে সংসার চালাব কীভাবে? চালক-শ্রমিকদের কষ্ট কেউ বোঝে না।”
আরেক চালক জানান, গাড়ি চালানোর আশায় স্ট্যান্ডে এলেও পরিস্থিতির কারণে রাস্তায় বের হওয়া সম্ভব হয়নি। যাত্রীরাও আতঙ্কের কারণে অনেক ক্ষেত্রে স্ট্যান্ডে এসে ফিরে যাচ্ছেন বলে দাবি তাঁর।
অবরোধকে ঘিরে চন্দ্রপুর ISBT চত্বরে দিনভর থমথমে পরিস্থিতি বিরাজ করে। পরিবহন পরিষেবা দ্রুত স্বাভাবিক করার পাশাপাশি চালক ও পরিবহন শ্রমিকদের রুজি-রোজগারের বিষয়টি বিবেচনা করে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।