Home আগরতলাএডিসি ভোটে বড় প্রস্তুতি বিজেপির! প্রদেশ কার্যালয়ে শীর্ষ নেতৃত্বের বৈঠকে প্রার্থী বাছাই ও নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা, জোট হোক বা না হোক সব আসনে লড়াইয়ের প্রস্তুতি

এডিসি ভোটে বড় প্রস্তুতি বিজেপির! প্রদেশ কার্যালয়ে শীর্ষ নেতৃত্বের বৈঠকে প্রার্থী বাছাই ও নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা, জোট হোক বা না হোক সব আসনে লড়াইয়ের প্রস্তুতি

by Debasish
0 comments 20 views

প্রদেশ বিজেপি কার্যালয়ে উচ্চপর্যায়ের বৈঠক, প্রার্থী তালিকা ও নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা

আগরতলা, ২ সেপ্টেম্বর : আসন্ন এডিসি তথা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় সাংগঠনিক তৎপরতা বাড়িয়ে দিয়েছে শাসকদল বিজেপি। নির্বাচন কমিশনের তরফে ভোটের বিজ্ঞপ্তি জারির পর থেকেই নির্বাচনী প্রস্তুতিতে নেমে পড়েছে দল। এরই অংশ হিসেবে প্রদেশ বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি, মন্ত্রী, বিধায়ক-সহ দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক।

বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি, সাংগঠনিক পরিস্থিতি, প্রার্থী বাছাই এবং সম্ভাব্য নির্বাচনী রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। বৈঠকে উপস্থিত নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়, নির্বাচন নিয়ে বিজেপি সম্পূর্ণ প্রস্তুত। প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াও এগিয়ে চলেছে এবং খুব শীঘ্রই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হতে পারে।

জোটের সমীকরণ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা থাকলেও বিজেপি নেতৃত্বের বক্তব্যে স্পষ্ট হয়েছে, প্রয়োজনে এককভাবেও নির্বাচনে লড়াই করার জন্য দল প্রস্তুত। সবকটি আসনে প্রার্থী দেওয়ার মতো সাংগঠনিক প্রস্তুতি রয়েছে বলেও দাবি করা হয়েছে।

দলীয় নেতৃত্বের বার্তা, নির্বাচন কখনও হঠাৎ করে সামনে আসে না; একটি নির্বাচনে জয়ের পর থেকেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যায়। সেই লক্ষ্যেই তৃণমূল স্তর পর্যন্ত সংগঠনকে আরও সক্রিয় করা হচ্ছে বলে বৈঠকে জানানো হয়।

বৈঠকে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়, মন্ত্রী, বিধায়ক এবং দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। নির্বাচনের দিন যত এগিয়ে আসবে, ততই সাংগঠনিক ও রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।

You may also like

Leave a Comment