আগরতলা, ৫ নভেম্বর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে সাংগঠনিক শক্তির পরিচয় দিল ভারতীয় জনতা পার্টি। সাব্রুম থেকে ধর্মনগর, জিরানিয়া থেকে কুমারঘাট—বিভিন্ন পুর পরিষদ ও নগর পঞ্চায়েত এলাকায় দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক জমায়েত ও বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে একাধিক এলাকায় নির্বাচনী আবহ কার্যত উৎসবের রূপ নেয়।
বৃহস্পতিবার জিরানিয়া নগর পঞ্চায়েতের ১১টি ওয়ার্ডে বিজেপির মনোনীত প্রার্থীরা মিছিল করে রিটার্নিং অফিসার তথা জিরানিয়ার মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছে মনোনয়নপত্র জমা দেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত-সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। প্রার্থীদের সমর্থনে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের অংশগ্রহণে গোটা এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অন্যদিকে, খোয়াই পুর পরিষদের ১৫টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের নিয়েও বিশাল মিছিল বের হয়। মিছিল শেষে প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে তাঁদের মনোনয়নপত্র জমা দেন। একইভাবে কুমারঘাট পুর পরিষদের ১৫টি ওয়ার্ডেই দলের মনোনীত প্রার্থীরা একযোগে মনোনয়নপত্র দাখিল করেন। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। দলীয় কর্মসূচিকে ঘিরে কুমারঘাটেও ব্যাপক জনসমাগম দেখা যায়।
ধর্মনগর পুর পরিষদ এলাকাতেও পিছিয়ে ছিল না বিজেপি। শহরে বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিতে যান দলীয় প্রার্থীরা। রিটার্নিং অফিসার তথা ধর্মনগরের মহকুমা শাসক দেবযানী চৌধুরীর কাছে তাঁরা নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন।
এদিকে তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫টি ওয়ার্ডেও বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। তেলিয়ামুড়ার মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তীর হাতে মনোনয়নপত্র তুলে দেন প্রার্থীরা। এই কর্মসূচিকে ঘিরেও দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়।
সব মিলিয়ে মনোনয়নপত্র জমার শেষপর্বে রাজ্যের বিভিন্ন পুর ও নগর পঞ্চায়েত এলাকায় বিজেপির ধারাবাহিক মিছিল ও জমায়েত নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। এখন মনোনয়ন পর্ব পেরিয়ে প্রচারের ময়দানে রাজনৈতিক দলগুলির শক্তি প্রদর্শনের লড়াই কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।