আসাম রাইফেলস, ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট ও শুল্ক দপ্তরের যৌথ অভিযান, বাজেয়াপ্ত মোটরসাইকেলও
আগরতলা, ১২ অক্টোবর: নেশা কারবারের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুরে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাহিনী। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরসাইকেল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর আসাম রাইফেলস, আসাম রাইফেলসের ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট (এআরএফআইইউ) এবং আগরতলার শুল্ক দপ্তর যৌথভাবে এই অভিযান চালায়। অভিযানে মোট ১.৯৯৪ কেজি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। বাজেয়াপ্ত নেশাসামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানানো হয়েছে।
আটক ব্যক্তি পশ্চিম ত্রিপুরা জেলার সিদ্ধাই-মোহনপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট এবং বাজেয়াপ্ত মোটরসাইকেল-সহ তাঁকে পরবর্তী তদন্তের জন্য আগরতলার শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
নেশা কারবারের বিরুদ্ধে রাজ্যে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে বলে আসাম রাইফেলসের তরফে জানানো হয়েছে। অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।