জনজাতিদের ভূমির অধিকার, ভাষা, সংস্কৃতি ও রাজনৈতিক অধিকার সুরক্ষায় কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে উদ্যোগ গ্রহণের আহ্বান
আগরতলা, ৯ অক্টোবর: ত্রিপুরার জনজাতি অধ্যুষিত এলাকাগুলির সার্বিক উন্নয়ন এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার লক্ষ্যে তিপ্রাসা চুক্তি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্যকর করার দাবি উঠল ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধিবেশনে। শুক্রবার, ৯ অক্টোবর থেকে শুরু হওয়া জেলা পরিষদের অধিবেশনে এই মর্মে একটি প্রস্তাব গৃহীত হয়। চুক্তি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার এবং টিপরা—তিন পক্ষকেই সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
টিটিএএডিসির এক্সিকিউটিভ মেম্বার চন্দ্রকুমার জমাতিয়া অধিবেশনে এই প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে বলা হয়েছে, জনজাতিদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে গৃহীত ত্রিপাক্ষিক চুক্তির প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নে আর বিলম্ব করা উচিত নয়। নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে সংশ্লিষ্ট সব পক্ষকে চুক্তির শর্তগুলি কার্যকর করার পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২ মার্চ ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং টিপরা-র মধ্যে এই ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। জনজাতি সম্প্রদায়ের ইতিহাস, ভূমির অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, নিজস্ব পরিচয়, ভাষা ও সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি চুক্তির আওতায় অন্তর্ভুক্ত রয়েছে।
জেলা পরিষদে গৃহীত প্রস্তাবে জনজাতি এলাকায় সাংবিধানিক বিধান ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার ভিত্তিতে স্বশাসনের ক্ষমতা আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, জনজাতি সম্প্রদায়ের জমি, ভাষা ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণকে চুক্তি বাস্তবায়নের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে।
চন্দ্রকুমার জমাতিয়া টিটিএএডিসি এলাকার জনগণের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। চুক্তি বাস্তবায়নের দাবিতে টিপরা মথা পার্টির প্রচেষ্টার প্রতি মানুষের ধারাবাহিক সমর্থন, আস্থা এবং শান্তিপূর্ণ সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান।
প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, জনজাতি সমাজের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে ধারাবাহিক আলোচনা জরুরি। এ ক্ষেত্রে নাগরিক সমাজের সংগঠন, বিভিন্ন সম্প্রদায়ের নেতৃত্ব এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে সমন্বয় বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিপ্রাসা চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করতে কেন্দ্র, রাজ্য ও সংশ্লিষ্ট পক্ষগুলিকে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছে পরিষদ। একই সঙ্গে টিটিএএডিসি এলাকার সমস্ত জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক ও দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও প্রস্তাবে তুলে ধরা হয়েছে।