Home আগরতলাপুজোর আগে আগরতলার ক্লাবগুলিকে পুর নিগমের বড় স্বস্তি, ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিল দেবে পুরনিগম

পুজোর আগে আগরতলার ক্লাবগুলিকে পুর নিগমের বড় স্বস্তি, ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিল দেবে পুরনিগম

by Debasish
0 comments 7 views

আগরতলা, ৬ অক্টোবর: দুর্গাপূজার প্রস্তুতিতে আগরতলা শহরের রেজিস্টারভুক্ত পূজা উদ্যোক্তাদের জন্য বড়সড় স্বস্তির সিদ্ধান্ত নিল আগরতলা পুর নিগম। পুজোর সময় মণ্ডপগুলিতে ব্যবহৃত ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুতের বিল পুর নিগমের পক্ষ থেকে মেটানো হবে। মঙ্গলবার পুর নিগমে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে শহরের সার্বিক প্রস্তুতি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত-সহ কর্পোরেটররা।

বৈঠক শেষে মেয়র জানান, পুজোর সময় আগরতলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম হয়। তাই দর্শনার্থীদের চলাচলে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। শহরের বিভিন্ন রাস্তা সংস্কারের পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হবে।

শুধু পরিকাঠামো নয়, পুজোর দিনগুলিতে পরিচ্ছন্নতার ওপরও বিশেষ গুরুত্ব দিচ্ছে পুর নিগম। প্রতিটি পূজামণ্ডপ ও সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে পুর নিগমের ‘সবুজ সেনা’ মোতায়েন করা হবে। পুজোর দিনগুলিতে নিয়মিতভাবে মণ্ডপ ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার ব্যবস্থা থাকবে।

পুর নিগমের এই সিদ্ধান্তে বিশেষভাবে উপকৃত হবেন শহরের রেজিস্টারভুক্ত পূজা উদ্যোক্তারা। ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের বিল পুর নিগম বিদ্যুৎ দপ্তরকে পরিশোধ করায় পুজোর আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্লাবগুলির আর্থিক চাপ কিছুটা কমবে।

এদিকে, আগরতলা শহরের বিদ্যুৎ পরিকাঠামোতেও বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিবাহী তার মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হতে চলেছে। আগামী ১৩ অক্টোবর ভূমিপূজার মাধ্যমে এই প্রকল্পের সূচনা করার কথা জানিয়েছে পুর নিগম।

পুর নিগমের দাবি, বিদ্যুৎ পরিবাহী তার ভূগর্ভস্থ করা হলে শহরের বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হওয়ার পাশাপাশি আগরতলার সৌন্দর্যায়নেও ইতিবাচক প্রভাব পড়বে। ফলে দুর্গাপূজার প্রস্তুতির পাশাপাশি দীর্ঘমেয়াদি নগর উন্নয়নের দিকেও নজর দিচ্ছে পুর নিগম।

You may also like

Leave a Comment