Home আগরতলাপ্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে বিক্ষোভ, কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান

প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে বিক্ষোভ, কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান

by Debasish
0 comments 1 views

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রবিবার পশ্চিম ত্রিপুরা জেলার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকারকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটেছে। একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে একদল গ্রামবাসী তাঁর গাড়ি আটকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, রবিবার দুপুরের দিকে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর মোহনপুর মহকুমা কমিটির সম্মেলনে যোগ দিতে কালীবাজারের উদ্দেশে রওনা হয়েছিলেন মানিক সরকার। সেই সময় বিক্ষোভকারীরা তাঁর গাড়ি ঘিরে ধরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাঁকে ফিরে যাওয়ার দাবি জানান। পাশাপাশি কালো পতাকাও দেখানো হয়।

পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি বড় দল এবং সিআরপিএফ জওয়ানরা। নিরাপত্তা বলয় তৈরি করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিরাপদে স্থানীয় সিপিআইএম কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে জানান মোহনপুরের এসডিপিও আশিস দাস গুপ্ত।

পুলিশ সূত্রে আরও জানা যায়, পরবর্তীতে নির্ধারিত কর্মসূচিতে বক্তব্য রাখেন মানিক সরকার। অনুষ্ঠান শেষে তিনি নিরাপদে আগরতলায় ফিরে আসেন।

ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি জানান, বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি জি এস রাওয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। ডিজি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে দাবি করেন তিনি। জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, পরিকল্পিতভাবেই মানিক সরকারকে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে।

অন্যদিকে, ঘটনার নিন্দা করেছেন কংগ্রেসের প্রবীণ বিধায়ক সুদীপ রায় বর্মনও। তাঁর অভিযোগ, এই ঘটনা রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি প্রতিফলন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি স্থানীয় বিজেপি নেতাদের মদতেই বিক্ষোভকারীরা এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন সুদীপ রায় বর্মন।

You may also like

Leave a Comment