আগরতলা, ২৪ সেপ্টেম্বর : শরতের আগমনী বার্তার সঙ্গে সেজে উঠছে ঊনকোটি জেলার চণ্ডীপুর বিধানসভার শ্রীরামপুর। এ বার শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গাপুজোয় থাকছে এক অভিনব চমক। ভারতের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র সোমনাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে বিশাল পুজো মণ্ডপ। ইতিমধ্যেই মণ্ডপ নির্মাণকে ঘিরে শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছরের দুর্গোৎসবের আনুমানিক বাজেট প্রায় ৭০ লক্ষ টাকা। প্রায় এক মাস ধরে পশ্চিমবঙ্গ থেকে আসা কারিগরদের তত্ত্বাবধানে চলছে মণ্ডপ নির্মাণের কাজ। জায়গার সীমাবদ্ধতার কারণে সোমনাথ মন্দিরের সম্পূর্ণ কাঠামো হুবহু তৈরি করা সম্ভব না হলেও, মণ্ডপের নকশা ও নির্মাণশৈলীর মাধ্যমে মূল স্থাপত্যের ভাবনাকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে পুজোর প্রস্তুতি ও মণ্ডপ নির্মাণের কাজ সরেজমিনে পরিদর্শন করেন চণ্ডীপুরের বিধায়ক তথা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়। মণ্ডপের কাজ ঘুরে দেখার পাশাপাশি তিনি উদ্যোক্তা ও কারিগরদের সঙ্গে কথা বলেন এবং প্রস্তুতির বিষয়ে খোঁজ নেন।

মন্ত্রী জানান, গত বছরের মতো এ বারও মহাষষ্ঠীর দিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার হাতেই মণ্ডপ উদ্বোধনের আশা রয়েছে। পুজোকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।
শুধু মণ্ডপ নয়, পাঁচ দিনব্যাপী পুজোয় থাকছে একাধিক আকর্ষণ। দর্শনার্থীদের জন্য থাকবে মধ্যাহ্নভোজ ও প্রসাদের ব্যবস্থা, বিশেষ আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুজো উপলক্ষে বিশেষ ম্যাগাজিন প্রকাশ। ফলে পুজোর দিনগুলিতে শ্রীরামপুরে দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলে আশা উদ্যোক্তাদের।