Home ত্রিপুরাবিশ্বকর্মা পুজোর রাতে গাড়িতে ব্যাপক ভাঙচুর, পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে থানায় মামলা

বিশ্বকর্মা পুজোর রাতে গাড়িতে ব্যাপক ভাঙচুর, পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে থানায় মামলা

by Debasish
0 comments 0 views

উদয়পুর, ২১ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে গাড়ি পার্কিং নিয়ে বিবাদ। আর সেই বিবাদকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল উদয়পুরের জোয়ালি খামার এলাকায়। অভিযোগ, পার্কিং নিয়ে কথা কাটাকাটির জেরে একটি ব্যক্তিগত গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি পরিবারের সদস্যদের মারধরেরও অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাতে বিশ্বকর্মা পুজো উপলক্ষে স্থানীয় বাসিন্দা টুটন দাসের বাড়িতে তাঁর কয়েকজন আত্মীয় ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন। বাড়ির ভিতরে গাড়ি রাখার মতো পর্যাপ্ত জায়গা না থাকায় গাড়িটি রাস্তার পাশে রাখা হয় বলে জানা গেছে।

অভিযোগ, রাত প্রায় ১টা নাগাদ গাড়ি পার্কিংকে কেন্দ্র করে একই গ্রামের দুই ব্যক্তির সঙ্গে টুটন দাসের বচসা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি হলেও পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। এরপরই TR01 AC 0708 নম্বরের গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে দাবি করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। টুটন দাসের আরও অভিযোগ, ওই সময় তাঁর পরিবারের কয়েকজন সদস্যকেও মারধর করা হয়েছে। পার্কিং নিয়ে শুরু হওয়া সামান্য বিবাদ কীভাবে এতটা উত্তপ্ত পরিস্থিতিতে পৌঁছল, তা নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

ঘটনার পর সোমবার দুপুরে উদয়পুরের রাধাকিশোরপুর মহিলা থানায় দুই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন টুটন দাস। অভিযোগের ভিত্তিতে গাড়ি ভাঙচুর ও মারধরের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

You may also like

Leave a Comment