Home আগরতলাবৃদ্ধাশ্রম নয়, পরিবারেই থাকুক প্রবীণদের শেষ বয়সের আনন্দ: ‘স্বপ্ননীড়’-এর মানবিক উদ্যোগ

বৃদ্ধাশ্রম নয়, পরিবারেই থাকুক প্রবীণদের শেষ বয়সের আনন্দ: ‘স্বপ্ননীড়’-এর মানবিক উদ্যোগ

by Debasish
0 comments 5 views

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: পরিবারই মানুষের সবচেয়ে বড় আশ্রয়। জীবনের শেষ প্রান্তে এসে প্রিয়জনদের সান্নিধ্য, ভালোবাসা ও যত্ন পাওয়ার আকাঙ্ক্ষা প্রতিটি প্রবীণ মানুষেরই থাকে। কিন্তু আধুনিক জীবনের ব্যস্ততা ও পারিবারিক টানাপোড়েনে অনেক প্রবীণকেই আজ আপনজনদের থেকে দূরে বৃদ্ধাশ্রমে দিন কাটাতে হচ্ছে। এই বাস্তবতার মাঝেই প্রবীণদের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য নজির গড়ল ‘স্বপ্ননীড় রিয়েলটাস প্রাইভেট লিমিটেড’

সম্প্রতি একটি বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানকার প্রবীণ আবাসিকদের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও উপহার তুলে দেন সংস্থার কর্মকর্তারা। তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে কথা বলেন এবং খোঁজ নেন তাঁদের জীবনযাপন ও প্রয়োজনের কথা। সংস্থার পক্ষ থেকে আয়োজিত এই উদ্যোগে প্রবীণদের মধ্যে আবেগ ও আনন্দের পরিবেশ তৈরি হয়।

তবে এই কর্মসূচি শুধুমাত্র সামগ্রী বিতরণের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর মধ্য দিয়ে সমাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তাও তুলে ধরতে চায় সংস্থাটি। প্রবীণ বাবা-মায়ের জীবনের শেষ সময়ে তাঁদের একাকীত্বের দিকে ঠেলে না দিয়ে পরিবারের মধ্যেই তাঁদের ভালোবাসা ও সম্মানের সঙ্গে রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বপ্ননীড় রিয়েলটাস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অভিজিৎ সাহা বলেন, পরিবার থেকে দূরে থাকার মানসিক যন্ত্রণা অত্যন্ত গভীর। জীবনের শেষ সময়ে একজন প্রবীণ মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন পরিবারের ভালোবাসা, সঙ্গ ও যত্ন। আগামী দিনে সমাজে যেন বৃদ্ধাশ্রমের সংখ্যা আরও বৃদ্ধি না পায়, সেই প্রত্যাশাই তাঁদের। পরিবারের সদস্যদের সঙ্গে প্রবীণরা যাতে শেষ বয়সের দিনগুলি আনন্দ ও মর্যাদার সঙ্গে কাটাতে পারেন, সেটিই সমাজের প্রতি তাঁদের বিনীত আবেদন।

সংস্থার এই উদ্যোগে প্রশংসা কুড়িয়েছে স্থানীয় মহল ও সুশীল সমাজের। প্রবীণ আবাসিকদের মধ্যেও দেখা যায় আবেগঘন মুহূর্ত। তাঁদের সঙ্গে সময় কাটিয়ে ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার এই প্রয়াস নিঃসন্দেহে সমাজে মানবিকতার এক ইতিবাচক বার্তা বহন করছে।

You may also like

Leave a Comment