‘সেবা সংকল্প’ অভিযানে মানবিক উদ্যোগ, ২৯তমবার রক্ত দিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি অরিন্দম দেব
ধর্মনগর, ১৩ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প’ অভিযানের অংশ হিসেবে উত্তর ত্রিপুরা জেলা যুব মোর্চার উদ্যোগে রবিবার ধর্মনগর জেলা হাসপাতালে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। মানবসেবার বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে বিজেপি ও যুব মোর্চার নেতৃত্ব-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
রবিবার সকাল ১১টা থেকে শুরু হয় রক্তদান শিবির। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি অরিন্দম দেব। উদ্বোধনের পরই তিনি নিজে রক্তদান করে কর্মসূচিতে অংশ নেন। এদিন ছিল তাঁর জীবনের ২৯তম রক্তদান। নিয়মিত রক্তদানের মাধ্যমে মানবসেবার ক্ষেত্রে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
রক্তদান শেষে যুবসমাজের প্রতি স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান অরিন্দম দেব। রক্তের প্রয়োজন মেটাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোই সমাজের প্রতি প্রকৃত দায়বদ্ধতার পরিচয়। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও যুবসমাজকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস, ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী, বাগবাসার বিধায়ক যাদব লাল দেবনাথ, পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস, জেলা সাধারণ সম্পাদক ডা. তমজিত নাথ, ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য সম্পাদিকা মলিনা দেবনাথ-সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব।
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিজেপির সাধারণ সম্পাদক ও সম্পাদিকা, উত্তর জেলা যুব মোর্চা কমিটির সদস্য এবং বিভিন্ন মণ্ডলের যুব মোর্চা সভাপতিরা। শিবিরকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
আয়োজকদের বক্তব্য, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প’ অভিযানের মাধ্যমে মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে রক্তদান শিবিরের আয়োজন। রক্তের সংকট মোকাবিলায় স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি আগামী দিনেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার বার্তা দেওয়া হয়।