বিশালগড়, ১১ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযানে হেরোইন ও নিষিদ্ধ ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিশালগড় থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম অসিত রায়। তিনি বিশালগড়ের অফিসটিলা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, হরিশনগর চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে অসিত রায়কে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে হেরোইন ও ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পুলিশের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশালগড়ের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাদক বিক্রির সঙ্গে ওই ব্যক্তি জড়িত ছিলেন। উদ্ধার হওয়া মাদক ও অন্যান্য সামগ্রী নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনায় এনডিপিএস আইনে বিশালগড় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার নম্বর ৭৭/২৬। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার অভিযুক্তকে আদালতে পেশ করা হবে।