আগরতলা, ৩১ আগস্ট: ২০১৬ সালে ১৫ বছর বয়সি এক নাবালিকাকে ধর্ষণের মামলায় মূল অভিযুক্ত বিজয় ঘোষকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিল আমবাসার বিশেষ পকসো আদালত। সোমবার মামলার রায় ঘোষণা করেন বিশেষ বিচারক ধীমান দেববর্মা।
পুলিশ সূত্রে জানা গেছে, ১০ এপ্রিল ২০১৬ মানু থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছিল, এক নাবালিকাকে চার ব্যক্তি—বিজয় ঘোষ, রোহিত চাকমা, মঙ্গল দেববর্মা এবং শুভম চাকমা—ধর্ষণ করেন।
অভিযোগের ভিত্তিতে মানু থানায় ২০১৬ সালের ০১১ নম্বর মামলা নথিভুক্ত হয়। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন মহিলা সাব-ইন্সপেক্টর সীমা দাস চৌধুরীকে। তদন্ত শেষ হওয়ার পর ৩০ মে ২০১৭ আমবাসার বিশেষ বিচারকের আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। পরবর্তীতে মামলাটি Special POCSO 2/2025 হিসেবে নথিভুক্ত হয়।
২৩ জনের সাক্ষ্য গ্রহণ আদালতে
মামলার বিচারপর্বে আদালত মোট ২৩ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা গ্রহণ করে। সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য নথি পর্যালোচনার পর বিশেষ বিচারক ধীমান দেববর্মা বিজয় ঘোষকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(১) ধারায় দোষী সাব্যস্ত করেন।
এরপর আদালত তাঁকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছে।
নির্যাতিতাকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ
রায়ের পাশাপাশি আদালত নির্যাতিতাকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অপর অভিযুক্ত রোহিত চাকমা ও শুভম চাকমা পর্যাপ্ত প্রমাণের অভাবে ইতিমধ্যেই আদালত থেকে খালাস পেয়েছেন। দীর্ঘ সময় ধরে বিজয় ঘোষ পলাতক থাকায় মামলার নিষ্পত্তিতে বিলম্ব হয়েছিল বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।
19