Home ত্রিপুরাগ্রামে গ্রামে তৈরি হবে ‘AI মা’, ১৭ সেপ্টেম্বর শুরু ‘এক-দুনিয়া ডিজিটাল হাসপাতাল’

গ্রামে গ্রামে তৈরি হবে ‘AI মা’, ১৭ সেপ্টেম্বর শুরু ‘এক-দুনিয়া ডিজিটাল হাসপাতাল’

by Debasish
0 comments 12 views

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য কমিয়ে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রযুক্তিনির্ভর পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হতে চলেছে ‘অন্ত্যোদয় ডিজিটাল মিশন’। ইতিবাচক বার্তা ফাউন্ডেশনের পরিচালনায় এই উদ্যোগে প্রতিটি গ্রাম থেকে একজন করে প্রশিক্ষিত ‘AI মা’ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁদের মাধ্যমে গ্রামীণ মানুষ নিজের এলাকায় বসেই বিভিন্ন ডিজিটাল পরিষেবা ও সুযোগের সঙ্গে যুক্ত হতে পারবেন।

উদ্যোক্তাদের বক্তব্য, ‘অন্ত্যোদয় ডিজিটাল মিশন’ শুধুমাত্র প্রযুক্তিনির্ভর একটি প্রকল্প নয়, বরং প্রযুক্তিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটি মানবিক উদ্যোগ। এই মিশনের আওতায় স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, ক্রীড়া, সংস্কৃতি, দক্ষতা ও কর্মসংস্থান এবং উদ্যোক্তা উন্নয়ন—এই সাতটি ক্ষেত্রে পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর অন্যতম প্রধান উদ্যোগ ‘এক-দুনিয়া ডিজিটাল হাসপাতাল’। আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা। উদ্যোগটির মাধ্যমে প্রশিক্ষিত ‘AI মা’-এর সহায়তায় গ্রামীণ মানুষ স্থানীয়ভাবে বিভিন্ন ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারবেন।

উদ্যোক্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ডিজিটাল হাসপাতালের মাধ্যমে টেলিমেডিসিনে চিকিৎসকের পরামর্শ, ওষুধ সংগ্রহ ও পৌঁছে দেওয়ার সহায়তা, ল্যাবরেটরি নমুনা সংগ্রহ ও সমন্বয়, ABHA ID তৈরিতে সহযোগিতা, আয়ুষ্মান ভারত সংক্রান্ত সহায়তা, ডিজিটাল স্বাস্থ্য নথি সংরক্ষণ এবং চিকিৎসা-পরবর্তী ফলো-আপ ও প্রয়োজন হলে উচ্চতর চিকিৎসাকেন্দ্রে রেফারেল সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। মাত্র ১০ টাকায় OPD পরিষেবা দেওয়ার কথাও জানানো হয়েছে।

শুধু স্বাস্থ্য পরিষেবাতেই সীমাবদ্ধ থাকছে না এই মিশন। KG থেকে PG পর্যন্ত প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ তৈরি, স্থানীয় পর্যটনকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরা, গ্রামীণ ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা, লোকসংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।

পাশাপাশি ‘ডিজিটাল হাট ও উদ্যোক্তা উন্নয়ন’ কর্মসূচির মাধ্যমে গ্রামের কৃষিজ পণ্য, হস্তশিল্প, স্থানীয় উৎপাদন ও ছোট উদ্যোগগুলিকে বৃহত্তর ডিজিটাল বাজারের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। এর ফলে স্থানীয় উদ্যোক্তারা নতুন বাজার ও আয়ের সুযোগ পেতে পারেন বলে আশা উদ্যোক্তাদের।

‘অন্ত্যোদয় ডিজিটাল মিশন’-এর আর্থিক সহায়তায় রয়েছে Swadhin Charitable Trust। একাডেমিক সহযোগিতায় রয়েছে Santiniketan Medical College & Hospital, Bolpur এবং Tripura Santiniketan Medical College & Hospital, Agartala। উদ্যোগটির ব্র্যান্ড হিসেবে রয়েছে Positive বার্তা এবং প্ল্যাটফর্ম হিসেবে এক দুনিয়া

উদ্যোক্তাদের মূল বক্তব্য, ডিজিটাল উন্নয়নের সুবিধা পেতে মানুষকে শহরে ছুটতে হবে না; বরং প্রযুক্তিই পৌঁছে যাবে গ্রামের মানুষের কাছে। তাঁদের ভাষায়, ‘একটি গ্রাম, একজন AI মা, অসংখ্য সম্ভাবনা’—এই ভাবনাকে সামনে রেখেই স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা, সংস্কৃতি ও কর্মসংস্থানের মতো ক্ষেত্রকে প্রযুক্তির মাধ্যমে মানুষের ক্ষমতায়নের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment