Home অপরাধবক্সনগরে বিএসএফ ও গ্রামবাসীদের সংঘর্ষের ঘটনায় ৮ জন গ্রেফতার, ১৯ জনের বিরুদ্ধে মামলা

বক্সনগরে বিএসএফ ও গ্রামবাসীদের সংঘর্ষের ঘটনায় ৮ জন গ্রেফতার, ১৯ জনের বিরুদ্ধে মামলা

by Debasish
0 comments 3 views

আশাবাড়ির ঘটনায় কঠোর পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রী মানিক সাহার, নিরাপত্তারক্ষীদের উপর হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা।

আগরতলা, ৩ নভেম্বর : সিপাহীজলা জেলার বক্সনগরের আশাবাড়িতে বিএসএফ জওয়ান ও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি মোট ১৯ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের উপর এই ধরনের হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ঘটনার সঙ্গে যারা জড়িত, প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন।

প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার সকালে আশাবাড়ি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় বিএসএফ জওয়ানদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা থেকে ঘটনার সূত্রপাত হয়। ৪৯ নম্বর ব্যাটালিয়নের অধীন আশাবাড়ি বর্ডার আউটপোস্টে (বিওপি) মোতায়েন বিএসএফ জওয়ানদের সঙ্গে কথিত পাচার সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামবাসীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। অভিযোগ, সেই সময় এক বিএসএফ জওয়ান হেফজুর রহমান নামে এক স্থানীয় বাসিন্দাকে লাঠি দিয়ে আঘাত করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ গ্রামবাসীরা বক্সনগর-রহিমপুর সড়ক অবরোধ করেন। ফলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর রহিমপুর বিওপির অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রোহিত কুমার এবং অন্যান্য বিএসএফ জওয়ান ঘটনাস্থলে পৌঁছান। অভিযোগ, সেই সময় উত্তেজিত জনতার হামলার মুখে পড়েন তাঁরা। তাঁদের ব্যবহৃত গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে। পরবর্তীতে অতিরিক্ত বিএসএফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে নিরাপত্তারক্ষী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে।

এই সংঘর্ষে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রোহিত কুমার-সহ আরও তিনজন আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য বক্সনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর এলাকায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। যদিও বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

বক্সনগরের এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং সংঘর্ষের সঙ্গে জড়িত প্রত্যেকের ভূমিকা নির্ধারণে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

You may also like

Leave a Comment