Home আগরতলাপ্রশাসনের অপেক্ষা নয়, মদের ঠেক ভাঙলেন মহিলারা! ধর্মনগর জেলা হাসপাতালের কাছে অবৈধ মদের দোকান ঘিরে ক্ষোভ

প্রশাসনের অপেক্ষা নয়, মদের ঠেক ভাঙলেন মহিলারা! ধর্মনগর জেলা হাসপাতালের কাছে অবৈধ মদের দোকান ঘিরে ক্ষোভ

by Debasish
0 comments 23 views

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ আগস্ট: প্রশাসনের পদক্ষেপের অপেক্ষা না করে এলাকার মহিলারাই মদের দোকানের বিরুদ্ধে সরব হলেন। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর জেলা হাসপাতাল থেকে মাত্র প্রায় ৫০ মিটার দূরে অবৈধভাবে দেশি মদের দোকান চালানোর অভিযোগকে কেন্দ্র করে রবিবার সকালে চাঞ্চল্য ছড়ায়। ক্ষুব্ধ এলাকার মহিলারা ওই দোকানে গিয়ে মদসহ বিভিন্ন সামগ্রী বের করে ফেলে দেওয়ার পাশাপাশি দোকানে ভাঙচুর চালান বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ৯টা নাগাদ এলাকার প্রমিলা বাহিনীর সদস্যরা ওই মদের দোকানে যান। সেখানে মদসহ বিভিন্ন সামগ্রী দেখতে পাওয়ার পর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। এরপর এলাকার আরও কয়েকজন মহিলা সেখানে জড়ো হয়ে দোকান থেকে মদের বোতল ও অন্যান্য সামগ্রী বের করে ছুড়ে ফেলে দেন এবং দোকানের কিছু অংশ ভাঙচুর করেন বলে অভিযোগ।

মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মদের ব্যবসা চলছিল। এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও সমস্যা তৈরি হচ্ছিল। বিশেষ করে শিশু, ছাত্রছাত্রী ও মহিলাদের ওই রাস্তা দিয়ে যাতায়াতের সময় অস্বস্তি ও নিরাপত্তাহীনতার মধ্যে পড়তে হয় বলে দাবি তাঁদের।

স্থানীয়দের আরও অভিযোগ, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের এত কাছে কীভাবে মদের দোকান চলছিল, তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। জেলা হাসপাতাল থেকে মাত্র প্রায় ৫০ মিটার দূরে এ ধরনের দোকান গড়ে ওঠায় ক্ষোভ আরও তীব্র হয়েছে।

এলাকাবাসীর দাবি, যে দোকানগুলিতে ভাঙচুর হয়েছে, সেগুলির অধিকাংশই সরকারি জমি দখল করে তৈরি করা হয়েছিল। সরকারি জায়গা দখল করে কীভাবে দিনের পর দিন এই ধরনের ব্যবসা চলছিল, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।

ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। তবে অবৈধ মদের ব্যবসা এবং সরকারি জমি দখলের অভিযোগের বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

You may also like

Leave a Comment