Home আগরতলাআগরতলা শহরে ‘বাইরের’ অটোর অবাধ চলাচলে লাগাম, বিশেষ অভিযানে একাধিক অটো আটক

আগরতলা শহরে ‘বাইরের’ অটোর অবাধ চলাচলে লাগাম, বিশেষ অভিযানে একাধিক অটো আটক

by Debasish
0 comments 23 views

আগরতলা, ২১ আগস্ট: আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণ এবং নির্ধারিত পরিবহন বিধি কার্যকর করতে ‘বাইরের’ অটোরিকশা ও ই-অটোর বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে ত্রিপুরা ট্রাফিক পুলিশ। শুক্রবারের অভিযানে শহরের বিভিন্ন এলাকায় নিয়ম ভেঙে চলাচলকারী একাধিক অটোরিকশা আটক করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক এসপি কান্তা জাঙ্গির, আইপিএস।

ট্রাফিক এসপি জানান, রিকশা, অটোরিকশা ও ই-অটোরিকশা চলাচলের জন্য নির্দিষ্ট সীমা নির্ধারণ করে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) এবং সরকারি বিজ্ঞপ্তি রয়েছে। সেই নিয়ম অনুযায়ী সাধারণভাবে নির্ধারিত ১৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অটোরিকশা চলাচলের অনুমতি রয়েছে।

কান্তা জাঙ্গির বলেন, শহরের বাইরে থেকে আসা অটোরিকশাগুলি ইচ্ছেমতো আগরতলা পুরনিগম (AMC) এলাকার অভ্যন্তরে চলাচল করতে পারে না। নির্দিষ্ট প্রবেশ ও বেরোনোর পয়েন্ট ব্যবহার করেই তাদের চলাচল করতে হয়। রাধানগর, চন্দ্রপুর ও নাগেরজলার মতো নির্দিষ্ট এলাকা পর্যন্ত তাদের যাতায়াতের অনুমতি রয়েছে।

ট্রাফিক এসপি বলেন, “বাইরের কিছু অটোরিকশা শহরের অভ্যন্তরে ঘোরাফেরা করছে। এর ফলে যানজট বাড়ছে এবং ট্রাফিক নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। এই ধরনের অনিয়ম বন্ধ করতেই বিশেষ অভিযান চালানো হচ্ছে।”

তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে শহরের বাইরে থেকে আসা অটোরিকশাকে আগরতলা শহরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের আনা-নেওয়া, রোগী পরিবহণ এবং বিমানবন্দরে যাত্রী নিয়ে যাওয়া বা বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে আসার ক্ষেত্রে বাইরে থেকে আসা অটোরিকশা শহরে প্রবেশ করতে পারবে। এসব ক্ষেত্রে যাতায়াতের জন্য রাউন্ড ট্রিপের অনুমতিও রয়েছে বলে জানান তিনি।

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিয়মগুলি কার্যকর করার আগে অটোচালকদের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। অটোরিকশা ইউনিয়নগুলির সঙ্গে বৈঠক করা হয়েছে এবং একাধিকবার নির্ধারিত বিধি সম্পর্কে চালকদের অবহিত করা হয়েছে। নিয়ম লঙ্ঘনকারীদের নোটিশও দেওয়া হয়েছে।

এরপরও কিছু অটোরিকশা নির্ধারিত সীমা অতিক্রম করে শহরের ভিতরে চলাচল করায় শুক্রবার ফের বিশেষ অভিযান চালানো হয়। যানজট সৃষ্টি এবং বিধি লঙ্ঘনের অভিযোগে বেশ কয়েকটি বাইরের অটোরিকশা আটক করা হয়েছে।

ট্রাফিক পুলিশের এই অভিযান আগামী দিনগুলিতেও চলবে বলে ইঙ্গিত মিলেছে। শহরের যানজট কমানো এবং নির্ধারিত পরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করাই অভিযানের মূল লক্ষ্য বলে জানিয়েছে ট্রাফিক দফতর।

You may also like

Leave a Comment