ধলাই, ১৭ আগস্ট: সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে যায়, তা নিশ্চিত করতে ধলাই জেলায় তিনটি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রকল্প বাস্তবায়ন নিয়ে জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
সোমবার ধলাই জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের ধলাই জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস।
বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরে ধলাই জেলার বিভিন্ন প্রকল্পের আওতায় থাকা সুবিধাভোগীদের কাছে সরকারি সুযোগ-সুবিধা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাচ্ছে কিনা, তা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পগুলির বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা বা জটিলতা রয়েছে কিনা, সেসব বিষয়ও খতিয়ে দেখা হয়।
মন্ত্রী সুধাংশু দাস জানান, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে সরাসরি তার সুফল পৌঁছে দেওয়া। তাই প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি বা অযথা বিলম্ব বরদাস্ত করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য সুবিধাভোগীদের কাছে সরকারি পরিষেবা ও সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিনের বৈঠকে প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। মাঠপর্যায়ে প্রকল্পের অগ্রগতি আরও ত্বরান্বিত করা এবং সুবিধাভোগীদের কাছে সরকারি প্রকল্পের সুফল পৌঁছে দেওয়ার বিষয়ে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
মন্ত্রী বলেন, সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত ব্যক্তিদের কাছে স্বচ্ছ ও সময়মতো পৌঁছায়, সেদিকে সংশ্লিষ্ট সকলকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
