আগরতলা, ২১ আগস্ট: ত্রিপুরায় দলের সাংগঠনিক কাঠামো আরও মজবুত ও কার্যকর করার লক্ষ্যে বড়সড় রদবদল করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যের ১০টি সাংগঠনিক জেলায় নতুন জেলা প্রভারী নিয়োগ করা হয়েছে। শুক্রবার বিজেপি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
দলীয় বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর ত্রিপুরা জেলার প্রভারীর দায়িত্ব দেওয়া হয়েছে অভিজিৎ দেবকে। উনকোটি জেলার দায়িত্ব পেয়েছেন রাজ্য সম্পাদক মালিনা দেবনাথ। ধলাই জেলার প্রভারী হয়েছেন রাজ্য সহ-সভাপতি তাপস ভট্টাচার্য। খোয়াই জেলার দায়িত্ব দেওয়া হয়েছে তাপস মজুমদারকে।
এদিকে সদর (আর)-এর প্রভারী হয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস। সদর (আরবান)-এর দায়িত্ব পেয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। সিপাহিজলা (উত্তর) জেলার প্রভারী করা হয়েছে রাজ্য সম্পাদক রথীন্দ্র জমাতিয়াকে এবং সিপাহিজলা (দক্ষিণ)-এর দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সহ-সভাপতি রতন ঘোষকে।
গোমতি জেলার প্রভারীর দায়িত্ব পেয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ। অন্যদিকে দক্ষিণ (পিলাক) জেলার প্রভারী করা হয়েছে রাজ্য সম্পাদক নবদল বণিককে।
বিজেপি ত্রিপুরা প্রদেশের রাজ্য সভাপতি অভিষেক দেবরায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক নিয়োগের কথা জানানো হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, নতুন প্রভারীদের মাধ্যমে সংশ্লিষ্ট সাংগঠনিক জেলাগুলিতে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও সক্রিয় করা, নিচুতলার কর্মীদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিকে আরও সুসংগঠিত করার উপর গুরুত্ব দেওয়া হবে।
রাজ্যে আগামী দিনে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিকে সামনে রেখে বিজেপির এই জেলা-স্তরের রদবদলকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।