Home অপরাধআমবাসায় নাকা চেকিংয়ে ৩৪০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার

আমবাসায় নাকা চেকিংয়ে ৩৪০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার

by Debasish
0 comments 2 views

গাড়ির চালক আটক, কোথা থেকে এল ও কোথায় যাচ্ছিল—তদন্তে পুলিশ

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রুটিন নাকা চেকিংয়ের সময় একটি ছোট গাড়ি থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করল আমবাসা থানার পুলিশ। শনিবার বেটবাগান নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে মোট ৩৪০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনায় গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার আমবাসা থানার পুলিশ বেটবাগান নাকা পয়েন্টে নিয়মিত যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। সেই সময় ধর্মনগরের দিক থেকে আসা AS01DN4909 নম্বরের একটি ছোট গাড়িকে সন্দেহ হওয়ায় থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় গাড়ির বিভিন্ন অংশে লুকিয়ে রাখা অবস্থায় নেশাজাতীয় এসকাফ সিরাপের বোতল দেখতে পায় পুলিশ। এরপর বিস্তারিত তল্লাশি চালিয়ে মোট ৩৪০ বোতল সিরাপ উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আমবাসা থানার ওসি নন্দন দাস। পরে সেখানে উপস্থিত হন আমবাসার এসডিপিও নিরূপম দত্ত। পুলিশ আধিকারিকদের পাশাপাশি জেলা কন্ট্রোল রুমের (DCM) প্রতিনিধির উপস্থিতিতেও গাড়িটিতে ফের তল্লাশি চালানো হয়।

উদ্ধার হওয়া সিরাপগুলি নিজেদের হেফাজতে নেয় পুলিশ। পাশাপাশি গাড়িটিও আটক করা হয়েছে। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসডিপিও নিরূপম দত্ত জানান, বেটবাগান নাকা পয়েন্টে নিয়মিত নজরদারি ও যানবাহন তল্লাশির অংশ হিসেবেই ওই গাড়িটি আটক করা হয়েছিল। তল্লাশিতে গাড়ির বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা ৩৪০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

এই বিপুল পরিমাণ সিরাপ কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

You may also like

Leave a Comment