আগরতলা, ১৯ সেপ্টেম্বর: সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে শনিবার এমবি টিলা, এ.ডি. নগরের শ্রী রামকৃষ্ণ সেবা সমিতিতে আয়োজিত হল মেগা স্বাস্থ্য শিবির। শিবিরে এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন এবং বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষা করান।
শিবিরে দন্ত চিকিৎসা, সাধারণ চিকিৎসা এবং গ্যাস্ট্রোএন্টারোলজি-সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের পরামর্শ দেন। পাশাপাশি বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হয়। এর ফলে স্থানীয় বাসিন্দারা এক জায়গায় একাধিক স্বাস্থ্য পরিষেবা পাওয়ার সুযোগ পান।
শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি, এমবি টিলার পক্ষ থেকে চিকিৎসক ড. রজত চক্রবর্তী জানান, আগরতলা লায়ন্স ক্লাবের সহযোগিতায় প্রতি বছর এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরের আগে প্রায় চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে বিষয়টি জানানো হয়। ফলে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ চিকিৎসা পরিষেবা নিতে শিবিরে আসেন।
তিনি জানান, স্বাস্থ্য শিবিরের পাশাপাশি সেবা সমিতি সারা বছর ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে। অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে নতুন পোশাক এবং কম্বল বিতরণ করা হয়। বিপিএলভুক্ত উপভোক্তাদের বিনামূল্যে চশমা দেওয়ার ব্যবস্থাও রয়েছে। এছাড়া মাত্র ১,৮০০ টাকা নামমাত্র খরচে চোখের অস্ত্রোপচারের সুযোগ দেওয়া হয় বলে জানান তিনি।
ড. চক্রবর্তী আরও জানান, সেবা সমিতির বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে নিয়মিতভাবে বিভিন্ন বিভাগের চিকিৎসকরা অংশগ্রহণ করেন। চিকিৎসার পাশাপাশি শিক্ষা, বিবাহ এবং অন্যান্য জরুরি প্রয়োজনে আর্থিক সমস্যায় থাকা মানুষদের আশ্রমের তহবিল থেকেও সহায়তা প্রদান করা হয়।
সারা বছর ধরে নির্দিষ্ট বার্ষিক কর্মসূচির আওতায় বিভিন্ন সামাজিক ও সেবামূলক অনুষ্ঠান আয়োজন করা হয় বলে জানান তিনি। এসব কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ধারাবাহিকভাবে সহযোগিতা পাওয়া যায়।
সেবা সমিতির পক্ষ থেকে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং স্থানীয় কাউন্সিলরের সহযোগিতার কথাও উল্লেখ করা হয়।
এমবি টিলায় মেগা স্বাস্থ্য শিবির, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষা
0