Home আগরতলাড্রাইভার পদে ১৬ জনকে অফার লেটার, ১৮০ মহিলার হাতে সেলাই মেশিন, মহিলা স্বনির্ভরতা ও কর্মসংস্থানে জোর সরকারের: মুখ্যমন্ত্রী

ড্রাইভার পদে ১৬ জনকে অফার লেটার, ১৮০ মহিলার হাতে সেলাই মেশিন, মহিলা স্বনির্ভরতা ও কর্মসংস্থানে জোর সরকারের: মুখ্যমন্ত্রী

by Debasish
0 comments 12 views

আগরতলা, ৩০ আগস্ট: কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও মহিলা ক্ষমতায়নের মাধ্যমে স্বনির্ভর ও উন্নত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে চলেছে। সরকারি চাকরিতে নিয়োগের পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।রবিবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে অগ্নিনির্বাপক দপ্তরের ড্রাইভার পদে নবনিযুক্ত ১৬ জনের হাতে অফার লেটার তুলে দেন মুখ্যমন্ত্রী।

নবনিযুক্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সরকারি চাকরিতে যোগদান শুধুমাত্র কর্মসংস্থানের সুযোগ নয়, এটি সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে জনগণের সেবা করারও গুরুত্বপূর্ণ দায়িত্ব।মুখ্যমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, মহিলা ক্ষমতায়ন এবং সাধারণ মানুষের কাছে দ্রুত ও কার্যকর পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। নবনিযুক্তদের কর্মজীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনাও জানান তিনি।

এদিনের অনুষ্ঠানে মহিলা স্বনির্ভরতা ও আর্থিক ক্ষমতায়নের ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়। আগরতলা পুর নিগম এলাকার প্রশিক্ষণপ্রাপ্ত ১৮০ জন মহিলা সুবিধাভোগীর হাতে সেলাই মেশিন এবং প্রত্যেককে ২ হাজার টাকা করে স্টাইপেন্ড তুলে দেন মুখ্যমন্ত্রী।এই উদ্যোগের মাধ্যমে মহিলাদের দক্ষতাকে কাজে লাগিয়ে আয়ের সুযোগ তৈরি হবে এবং তাঁদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। নারীদের স্বনির্ভর ও আর্থিকভাবে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান থেকে ভার্চুয়াল মাধ্যমে সাব্রুমের মনুবনকুলে নবনির্মিত ফায়ার স্টেশনেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এটি রাজ্যের ৫২তম ফায়ার স্টেশন। নতুন ফায়ার স্টেশন চালু হওয়ায় সাব্রুম ও সংলগ্ন এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্ত্বনা চাকমা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সচিব কিরণ গিত্যে-সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।এর আগে মুক্তধারা প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’ শোনেন মুখ্যমন্ত্রী-সহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরা।

You may also like

Leave a Comment