২০ টাকা পার্কিং চার্জের প্রতিবাদ করতেই হেনস্তা ও শারীরিক আক্রমণের শিকার বলে অভিযোগ ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট নীলাঞ্জনার। ঘটনায় অভিযুক্ত এক মহিলাকে আটক করেছে পুলিশ।
আগরতলা, ৪ নভেম্বর : সাধারণ পার্কিং ফি নিয়ে প্রশ্ন তোলার পরই চরম অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়লেন এক মহিলা ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট। কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেলস্টেশনে পৌঁছানোর পর পার্কিং জোনের কর্মীদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। অভিযোগ, একপর্যায়ে পার্কিং জোনের এক মহিলা কর্মী তাঁর উপর শারীরিক আক্রমণ চালান। এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর অভিযুক্ত মহিলাকে আটক করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, রেলস্টেশনের প্রবেশপথ থেকে প্রায় ৫০ মিটার দূরে অটো থামতেই পার্কিং জোনের কর্মীরা চালকের কাছে ২০ টাকা পার্কিং ফি দাবি করেন। কিন্তু কেন এই টাকা নেওয়া হচ্ছে, তা জানতে চান ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট নীলাঞ্জনা। পার্কিং ফি আদায়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি সংশ্লিষ্ট কর্মীদের কাছে নিয়ম ও সরকারি নির্দেশিকা দেখানোর দাবি জানান।
তাঁর অভিযোগ, গত প্রায় তিন বছর ধরে এইভাবে পার্কিং ফি আদায় করা হচ্ছে। কিন্তু চালক টাকা দিতে অস্বীকার করতেই পার্কিং কর্মীরা অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ জানালে এক মহিলা কর্মী তাঁর দিকে তেড়ে আসেন। গোটা ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করতে গেলে ফোন ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট নীলাঞ্জনার আরও অভিযোগ, পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ওই মহিলা কর্মী তাঁর উপর চড়াও হয়ে মারধর করেন। আচমকা এই ঘটনার জেরে তিনি মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। শুধু তাই নয়, নির্ধারিত ট্রেনটিও তাঁর হাতছাড়া হয়ে যায়। ফলে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌঁছানো সম্ভব হয়নি।
একজন প্রশাসনিক আধিকারিকের সঙ্গে প্রকাশ্য স্থানে এমন আচরণের অভিযোগ ঘিরে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে পার্কিং ফি আদায়ের নিয়ম, কর্মীদের আচরণ এবং যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পুলিশ অভিযুক্ত মহিলাকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।