Home আগরতলামনোনয়ন জমায় বাধার অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি, নির্বাচন কমিশনের দপ্তরে বামফ্রন্টের বিক্ষোভ

মনোনয়ন জমায় বাধার অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি, নির্বাচন কমিশনের দপ্তরে বামফ্রন্টের বিক্ষোভ

by Debasish
0 comments 2 views

মোহনপুর, জিরানিয়া, রানীরবাজার, কমলপুর ও শান্তিরবাজারে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ সিপিআইএমের। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সরব বাম নেতৃত্ব।

আগরতলা, ৪ নভেম্বর: আসন্ন পুর ও নগর নির্বাচনের আগে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিরোধী বামফ্রন্টের প্রার্থীদের বিভিন্ন এলাকায় মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে বুধবার রাজ্য নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলেন বামফ্রন্টের নেতা-কর্মীরা।

বামফ্রন্টের অভিযোগ, মোহনপুর, জিরানিয়া, রানীরবাজার, কমলপুর ও শান্তিরবাজারে তাদের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বারবার বাধার মুখে পড়ছেন। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া ব্যাহত করছে বলে দাবি বিরোধী শিবিরের। পরিস্থিতির কারণে একাধিক প্রার্থী চেষ্টা করেও নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি বলে অভিযোগ।

বুধবার নির্বাচন কমিশনের দপ্তরের সামনে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা রতন দাস বলেন, উল্লিখিত এলাকাগুলিতে বামফ্রন্টের প্রার্থীরা নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। বারবার চেষ্টা করেও তাঁরা মনোনয়নপত্র জমা দিতে পারছেন না। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার সবার রয়েছে। অথচ বিরোধী প্রার্থীদের সেই সুযোগ থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।

বাম নেতৃত্বের দাবি, নির্বাচনের প্রাথমিক পর্যায়েই যদি বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়, তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের অবিলম্বে হস্তক্ষেপ এবং প্রার্থীদের নিরাপত্তা ও মনোনয়ন জমা দেওয়ার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে বামফ্রন্ট।

You may also like

Leave a Comment