আগরতলা, ২ নভেম্বর: বক্সনগরের আশাবাড়িতে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের উপর দুষ্কৃতীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। নিরাপত্তারক্ষীদের উপর এই ধরনের আক্রমণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিএসএফ জওয়ানদের উপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। যাঁরা নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করছেন, তাঁদের উপর এ ধরনের আক্রমণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ এবং গোটা ঘটনায় যথাযথ বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের সীমান্ত রক্ষায় বিএসএফের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিরাপত্তারক্ষীদের মর্যাদা, সম্মান ও সুরক্ষা বজায় রাখা প্রত্যেকের দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে কোনওরকম আপস করা হবে না বলেও তাঁর বক্তব্যে স্পষ্ট বার্তা উঠে এসেছে।