উদয়পুর, ২৯ অক্টোবর: পুলিশের রুটিন গাড়ি তল্লাশিতে বিপুল পরিমাণ তাজা কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উদয়পুরের মহারানী এলাকায়। একটি সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালিয়ে ২০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জয়ন্ত লাল চাকমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাধাকিশোরপুর থানার অধীন মহারানী ফাঁড়ির পুলিশ নিয়মিত নাকা তল্লাশি চালানোর সময় উদয়পুর থেকে গণ্ডাছড়ার দিকে যাওয়া একটি গাড়িকে আটক করে। এরপর গাড়িটিতে তল্লাশি চালাতেই একটি ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ কার্তুজ। উদ্ধার হওয়া কার্তুজের সংখ্যা ২০০ বলে জানা গেছে।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে দ্রুত তদন্তে নামে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়। তাঁর নজরদারিতে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে কার্তুজ উদ্ধারের উৎস এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এত বিপুল সংখ্যক কার্তুজ কোথা থেকে আনা হচ্ছিল এবং সেগুলি কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এর পিছনে কোনও বেআইনি অস্ত্র ও গোলাবারুদ পাচারচক্রের যোগ রয়েছে কি না, তাও তদন্তের আওতায় আসতে পারে। তবে কার্তুজ উদ্ধারের সঙ্গে কোনও বড় নাশকতার পরিকল্পনা বা সংগঠিত চক্রের যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি।
রাজ্যে বিভিন্ন সময়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই উদয়পুরের এই ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। উদ্ধার হওয়া কার্তুজের প্রকৃতি, সেগুলির উৎস এবং এই ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তদন্তের পরেই তা স্পষ্ট হবে।