Home দেশফ্লাইদুবাই-কাণ্ডে তদন্তে নামল ভারতও! বিমান হাইজ্যাক করতেই কি হামলা? খতিয়ে দেখবে এনআইএ

ফ্লাইদুবাই-কাণ্ডে তদন্তে নামল ভারতও! বিমান হাইজ্যাক করতেই কি হামলা? খতিয়ে দেখবে এনআইএ

by Debasish
0 comments 1 views

জনকন্ঠ ডট কম ডেস্ক, নয়াদিল্লি , ১০ অক্টোবর : ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। গত ৩০ জুলাই ফ্লাইদুবাইয়ের ককপিটে সহ-পাইলটের হাতে আক্রান্ত হন তিনি। — ফাইল চিত্র।

ফ্লাইদুবাই-কাণ্ডে এ বার তদন্ত শুরু করল ভারতও। মাঝ-আকাশে ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের উপরে হামলার ঘটনায় শনিবার এফআইআর রুজু করেছে দেশের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সূত্রের খবর, বিমান অপহরণ-বিরোধী আইন এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর নির্দিষ্ট ধারায় এফআইআর রুজু করেছে এনআইএ। ককপিটে স্মিতের উপর হামলার নেপথ্যে কী ধরনের ষড়যন্ত্র ছিল, তা খতিয়ে দেখতেই এই তদন্ত করবে দিল্লি।

গত ৩০ সেপ্টেম্বর ১৮০ জন যাত্রীকে নিয়ে দুবাই থেকে উড়েছিল ফ্লাইদুবাইয়ের এফজ়েড ১০৭৩ বিমানটি। গন্তব্য ছিল ইজ়রায়েলের রাজধানী তেল আভিভ। তবে মাঝ-আকাশেই ঘটে যায় বিপত্তি। অভিযোগ, বিমানের পাইলট স্মিতের উপর আচমকা হামলা চালান তাঁর কো-পাইলট হামাম আল-হাম্মামির। জরুরি পরিস্থিতির জন্য ককপিটে রাখা কুঠার দিয়ে তিনি হামলা করেন স্মিতের উপরে।

ওই হামলার ফলে বিমানটি বেশ কিছুক্ষণের জন্য সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ৩০ সেকেন্ডেরও কম সময়ে ১৪ হাজার ফুট নীচে নেমে যায় বিমানটি। পরে কোনওক্রমে তা অবতরণ করানো হয় সৌদি আরবে। ওই ঘটনার নেপথ্যে কোনও জঙ্গিযোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে সৌদি আরবে। বিমানটি যে দেশ থেকে উড়েছিল, অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহিও পৃথক ভাবে এই ঘটনার তদন্ত চালাচ্ছে। এ বার তদন্তে নামল ভারতীয় তদন্তকারী সংস্থাও।

সূত্রের দাবি, বিমানটি অপহরণের চেষ্টা হয়ে থাকলে তার নেপথ্যে কোনও বৃহত্তর ষড়যন্ত্র ছিল কি না, তা খতিয়ে দেখতে চাইছেন এনআইএ-র আধিকারিকেরা। গোটা চক্রান্তটি কী ভাবে পরিকল্পনা করা হয়েছিল, তা-ও খতিয়ে দেখতে চান তাঁরা। গত ৩০ সেপ্টেম্বরের ওই ঘটনাটি ভারতীয় ভূখণ্ডে বা ভারতীয় আকাশসীমার মধ্যে ঘটেনি। তবে বিমানটিতে ভারতীয় নাগরিক ছিলেন এবং তিনি জখম হয়েছেন। এ ধরনের ক্ষেত্রে বিদেশে কোনও ঘটনা ঘটলেও বিমান অপহরণ-প্রতিরোধ আইনের আওতায় তার তদন্ত করতে পারে এনআইএ।

You may also like

Leave a Comment