Table of Contents
আগরতলা, ৭ অক্টোবর: উৎসবের মরশুমে রাজ্যের প্রায় ৯ লক্ষ ৯০ হাজার রেশন কার্ডধারীকে বিনামূল্যে সুজি, ময়দা ও চিনি দেওয়ার সিদ্ধান্ত নিল ত্রিপুরা মন্ত্রিসভা। পাশাপাশি শিক্ষা, নগরোন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি-সহ বিভিন্ন দফতরে ১২০০-র বেশি শূন্যপদে নিয়োগের ক্ষেত্রেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার এই সিদ্ধান্তগুলির কথা জানান মন্ত্রিসভার মুখপাত্র তথা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

রেশন কার্ডধারীদের জন্য উৎসবের উপহার
বিশেষ উৎসবকালীন বরাদ্দ হিসেবে অক্টোবর ও নভেম্বর মাসে ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে প্রতিটি রেশন কার্ডধারীকে বিনামূল্যে ৫০০ গ্রাম সুজি, ১ কেজি ময়দা এবং ১ কেজি চিনি দেওয়া হবে।
এই প্রকল্প বাস্তবায়নে সরকারের প্রায় ৯ কোটি ৩৫ লক্ষ টাকা খরচ হবে। প্রয়োজন হবে প্রায় ২৪৩ মেট্রিক টন সুজি, ১,৯৮৪ মেট্রিক টন ময়দা এবং ৯২৯ মেট্রিক টন চিনি। প্রতি বছরই রেশন কার্ডধারীদের জন্য এই বিশেষ উৎসবকালীন বরাদ্দ দেওয়া হয় বলে জানান মন্ত্রিসভার মুখপাত্র।
শিক্ষা দফতরে ১০৬১ পদে নিয়োগ
শিক্ষাক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। নবম ও দশম শ্রেণির জন্য শিক্ষা দফতরের অধীনে নির্দিষ্ট বেতনের ভিত্তিতে ৭০০টি সেকেন্ডারি গ্র্যাজুয়েট টিচার (STGT) পদ সৃষ্টি ও নিয়োগে অনুমোদন দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৭৫টি গ্র্যাজুয়েট টিচার (GT) এবং ২৮৬টি আন্ডার গ্র্যাজুয়েট টিচার (UGT)-সহ মোট ৩৬১টি শিক্ষক পদ পূরণ করা হবে।
অর্থাৎ, শিক্ষা দফতরের দুই স্তর মিলিয়ে মোট ১,০৬১টি শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া এগোবে।
আগরতলা পুরনিগমেও ২১৩ পদ
নগরোন্নয়ন দফতরের অধীনে আগরতলা পুরনিগমের (AMC) বিভিন্ন শ্রেণির ২১৩টি পদ সৃষ্টি ও পূরণে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের অধীনে খালি থাকা ৮টি লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) পদ পূরণের ক্ষেত্রেও অনুমোদন দেওয়া হয়েছে।
বাড়ল ভাতা, গঠিত হবে TSSC
তফসিলি জাতি কল্যাণ দফতরের অধীনে বিভিন্ন সাব-কমিটির সদস্যদের বৈঠকভিত্তিক ভাতা ১০০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে।
অন্যদিকে সংখ্যালঘু কল্যাণ দফতরের অধীনে বোর্ডিংয়ে থাকা ছাত্রছাত্রীদের দৈনিক স্টাইপেন্ডও ৬৫ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিনের মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল ত্রিপুরা স্টাফ সিলেকশন কমিশন (TSSC) গঠন। রাজ্য সরকারের বিভিন্ন গ্রুপ-বি, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য এই কমিশন নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে।