সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে একযোগে কর্মসূচি, থাকছে সাইকেল ও মোটরসাইকেল র্যালিও
আগরতলা, ২ অক্টোবর: ‘সেবা সংকল্প অভিযান’-কে সামনে রেখে আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আট জেলাতেই একযোগে একাধিক কর্মসূচি আয়োজনের প্রস্তুতি চলছে। এদিন রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ এবং ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’। শুক্রবার প্রদেশ দলের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংগঠনিক বৈঠকে কর্মসূচির প্রস্তুতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পরিবহন ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী যে কর্মসূচি নেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে ত্রিপুরাতেও এই আয়োজন করা হচ্ছে। উল্লেখ্য, ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির দায়িত্ব গ্রহণেরও ২৫ বছর পূর্ণ হচ্ছে।
৭ অক্টোবর রাজ্যের আটটি জেলাতেই একই সময়ে কর্মসূচিগুলি অনুষ্ঠিত হবে। বিভিন্ন অংশের মানুষের কাছে জনসেবার বার্তা পৌঁছে দেওয়াই কর্মসূচির অন্যতম লক্ষ্য বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
‘সেবা জ্যোতি কলশ যাত্রা’-কে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় পদযাত্রার পাশাপাশি সাইকেল ও মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হবে। কর্মসূচি সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন করতে সাংগঠনিক দল এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, ৭ অক্টোবরের রাজ্যব্যাপী কর্মসূচিগুলি সকাল ১১টার আগেই শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে।