Home আগরতলাপ্রায় চার মাস ধরে বাবা-মায়ের কাছ থেকে নাবালিকাকে দূরে রাখার অভিযোগ, অবিলম্বে মুক্তির নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের

প্রায় চার মাস ধরে বাবা-মায়ের কাছ থেকে নাবালিকাকে দূরে রাখার অভিযোগ, অবিলম্বে মুক্তির নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের

by Debasish
0 comments 9 views

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: প্রায় চার মাস ধরে বাবা-মায়ের কাছ থেকে এক নাবালিকাকে দূরে রেখে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হেফাজতে রাখার অভিযোগে গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্ট। নাবালিকার বাবার দায়ের করা হেবিয়াস কর্পাস মামলার শুনানিতে আদালত নাবালিকাকে অবিলম্বে মুক্ত করে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে।

বুধবার প্রধান বিচারপতি এম. এস. রামচন্দ্র রাও এবং বিচারপতি এস. দত্ত পুরকায়স্থের ডিভিশন বেঞ্চ এই অন্তর্বর্তী নির্দেশ দেয়।

মামলাকারী বাবার আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের বক্তব্য অনুযায়ী, ধলাই জেলার গণ্ডাছড়ার বাসিন্দা ওই নাবালিকাকে তার বাবা-মায়ের আপত্তি সত্ত্বেও বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ধলাই চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হেফাজতে দেওয়া হয় বলে অভিযোগ।

আইনজীবীর দাবি, গত ২৩ মে কয়েকজন মহিলা ওই নাবালিকাকে তার বাড়িতে গিয়ে মারধর করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর নাবালিকার বাবা গণ্ডাছড়া থানায় এফআইআর দায়ের করেন। এরপর জুন মাসের প্রথম সপ্তাহে পুলিশ বাবা-মায়ের আপত্তি সত্ত্বেও নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে যায় এবং পরে তাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেয় বলে অভিযোগ।

মেয়েকে ফেরত পাওয়ার জন্য বাবা ধলাইয়ের জেলা শাসক, মহকুমা শাসক এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে একাধিকবার আবেদন করেছিলেন বলে আদালতে জানানো হয়। কিন্তু কার্যকর কোনও পদক্ষেপ না হওয়ায় শেষ পর্যন্ত তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

বুধবার মামলার শুনানিতে রাজ্যকে অভিযোগগুলির বিষয়ে জবাব দিতে বলা হয়। মামলাকারীর আইনজীবীর দাবি, নাবালিকাকে বাবা-মায়ের কাছ থেকে দূরে রাখার ক্ষেত্রে আইনি ভিত্তি আদালতের সামনে স্পষ্ট করতে পারেনি রাজ্য।

আইনজীবীর আরও অভিযোগ, আগরতলার অভয়নগরের একটি হোমে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হেফাজতে নাবালিকাকে রাখা হয়েছিল। এ ক্ষেত্রে জুভেনাইল জাস্টিস আইনের নির্ধারিত বিধি ও প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।

হাইকোর্ট রাজ্য সরকারকে অভিযোগগুলির বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে আপাতত নাবালিকাকে মুক্ত করে বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment