সাব্রুম, ১২ সেপ্টেম্বর : মনু বাজার গ্রামীণ হাসপাতালে সরকারি উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেওয়া এবং ঠিকাদার সংস্থার প্রতিনিধির কাছে অর্থ দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা দেবজিৎ রায়ের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে মনু বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মনু বাজার গ্রামীণ হাসপাতালে ইন্টারনেট ও ইলেকট্রনিক সংক্রান্ত সরকারি কাজের বরাত পেয়েছে আগরতলা সদরের ‘দেব ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস’। সংস্থার কর্ণধার অঙ্কুর দেব। কাজটি দেখভালের দায়িত্বে রয়েছেন সাব্রুমের পশ্চিম হরিণা এলাকার বাসিন্দা সুমিত রাহা। কয়েকদিন আগে হাসপাতাল চত্বরে সংশ্লিষ্ট কাজ শুরু হয়।
অভিযোগ, গত পরশু সকালে মনু বাজার সুকান্ত পল্লী গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা দেবজিৎ রায় হাসপাতালে গিয়ে ঠিকাদার সংস্থার প্রতিনিধির কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করেন। দাবি অনুযায়ী অর্থ প্রদান না করা পর্যন্ত কাজ বন্ধ রাখার জন্য চাপ দেওয়া হয় এবং একপর্যায়ে কাজ বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন সংস্থার প্রতিনিধি।
ঘটনার পর সুমিত রাহা বিষয়টি নিয়ে ৩৯ মনু মণ্ডলের স্থানীয় শাসকদলের নেতৃত্বের দ্বারস্থ হন বলে দাবি। তবে সেখানে সমাধান না হওয়ায় গত রাতে তিনি সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) এবং মনু বাজার থানায় গিয়ে দেবজিৎ রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে, লিখিত অভিযোগ দায়েরের পর থেকেই তাঁকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন সুমিত রাহা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
উল্লেখ্য, সরকারি উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বিভিন্ন সময়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। ফলে মনু বাজারের এই ঘটনায় পুলিশ অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল।