এনসিসি থানা ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে উদ্ধার ২ পিস্তল, ৩ ম্যাগাজিন ও ৮ রাউন্ড কার্তুজ
আগরতলা, ৭ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগরতলার শালবাগান এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ বিহারের দুই যুবককে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ বাহিনী। রবিবার রাতে শালবাগান বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, রাত আনুমানিক ৯টা ৫০ মিনিট নাগাদ নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এনসিসি থানা ও আসাম রাইফেলসের ৩৫ ব্যাটালিয়নের একটি যৌথ দল শালবাগান বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালায়। ওই সময় পায়ে হেঁটে শালবাগানের দিকে আসা দুই সন্দেহভাজন যুবককে আটক করা হয়।
পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে দুটি ৯ এমএম পিস্তল, তিনটি ম্যাগাজিন, আট রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ধৃতদের মধ্যে শ্রীকান্ত কুমার বিহারের বৈশালী জেলার এবং সুরজ কুমার বিহারের লাখিসরাই জেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা বিহার থেকে আগরতলায় আসার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রের দাবি। তবে কী উদ্দেশ্যে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে আগরতলায় এসেছিল এবং এই অস্ত্রের সঙ্গে কোনও অপরাধচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের প্রাথমিক অনুমান, কোনও অবৈধ কার্যকলাপের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রগুলি আনা হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করে পুলিশি হেফাজতের আবেদন করা হবে বলে জানা গেছে। তদন্তকারীদের আশা, জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের আগরতলায় আসার প্রকৃত উদ্দেশ্য এবং আগ্নেয়াস্ত্র সংগ্রহের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ। শালবাগান এলাকায় এই ঘটনাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।