Home আগরতলাবরমুড়ার অবরোধে চরম ভোগান্তি, অ্যাম্বুলেন্স আটকে রোগীদের পায়ে হেঁটে যাওয়ার অভিযোগ

বরমুড়ার অবরোধে চরম ভোগান্তি, অ্যাম্বুলেন্স আটকে রোগীদের পায়ে হেঁটে যাওয়ার অভিযোগ

by Debasish
0 comments 20 views

দাবি আদায়ে অনড় আত্মসমর্পণকারী জঙ্গিরা, পুলিশের সঙ্গে উত্তেজনা; চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের চুক্তি অনুযায়ী বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির আন্দোলন ঘিরে শনিবার আরও উত্তপ্ত হয়ে উঠল বরমুড়া এলাকা। জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের জেরে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি জরুরি পরিষেবা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

আন্দোলনস্থল থেকে পাওয়া খবর অনুযায়ী, শনিবার সকালে বরমুড়া পাহাড়ি এলাকায় দুটি অ্যাম্বুলেন্স আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, অ্যাম্বুলেন্সে থাকা রোগীদের নামিয়ে দেওয়া হয় এবং তাঁদের পায়ে হেঁটে অবরোধস্থল পার হতে হয়। তাঁদের মধ্যে কয়েকজন জিবি হাসপাতালে ডায়ালিসিসের জন্য যাচ্ছিলেন বলেও জানা গিয়েছে।

অবরোধ সরাতে পুলিশ রাস্তার বাঁশের ব্যারিকেড সরানোর চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। আন্দোলনকারীদের একাংশ পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে আসেন এবং পুলিশের নিরাপত্তা বলয় ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বলেও খবর। এমনকি গুলি চালানোর চ্যালেঞ্জ ছোড়া হয় বলেও অভিযোগ উঠেছে। দাবি পূরণ না হলে আন্দোলনের ধরন আরও কঠোর হবে—এমন হুঁশিয়ারিও আন্দোলনকারীদের একাংশ দিয়েছেন বলে জানা যায়।

২০২৪ সালে চুক্তির মাধ্যমে অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা আত্মসমর্পণকারী সংগঠনগুলির সদস্যদের অভিযোগ, সেই সময় দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তাঁরা।

এর আগে আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, অ্যাম্বুলেন্স ও সেনাবাহিনীর গাড়ির মতো জরুরি যানবাহনকে অবরোধের আওতার বাইরে রাখা হবে। কিন্তু শনিবার অ্যাম্বুলেন্স আটকে দেওয়ার অভিযোগ ঘিরে সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে আন্দোলনকারীদের বক্তব্য, অবরোধস্থলের মধ্যে অ্যাম্বুলেন্সগুলি দ্রুতগতিতে চলাচল করছিল বলেই সেগুলি থামানো হয়।

দু’দিনের এই অবরোধের জেরে জাতীয় সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। বিভিন্ন যানবাহন আটকে পড়ায় সমস্যায় পড়েছেন যাত্রী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীরা। এর পাশাপাশি জরুরি পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগে পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং কোনও অবস্থাতেই অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিষেবার যানবাহন যাতে বাধার মুখে না পড়ে, সেই বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে।

You may also like

Leave a Comment